অটিজম আক্রান্ত সন্তান ফেলে রেখে ছিনতাই, যেভাবে ধরা পড়লেন মা

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮ ২০২৫, ২০:৪২ হালনাগাদ: জানুয়ারি ৯ ২০২৬, ১৪:৫৫

ছিনতাইকারী মা গ্রেপ্তার হন নিউ ইয়র্ক পুলিশ কর্তৃক। ছবি: স্টোরি ব্লকস

ছিনতাইকারী মা গ্রেপ্তার হন নিউ ইয়র্ক পুলিশ কর্তৃক। ছবি: স্টোরি ব্লকস

  • 0

পুলিশ ছেলেটিকে বাড়ি পৌঁছে দিতে গেলে দেখতে পায়, ঘরে রয়েছে বিভিন্ন বয়সী আরও সাতজন ছেলে-মেয়ে। কিন্তু অভিভাবক বলতে কেউ নেই। মায়ের খোঁজ করলে বেরিয়ে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য।

নিউ ইয়র্কের কুইন্সে একটি লন্ড্রি কারখানার ভেতর থেকে বাকপ্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত ৫ বছর বয়সী এক বালককে খুঁজে পায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

তাকে উদ্ধারের পর বাড়ি ফেরাতে গেলে মিলে আরও এক তথ্য- সন্তান ফেলে মা গিয়েছেন ব্রুকলিনে ডাকাতির উদ্দেশে।

পরে মা কে খুঁজে গ্রেপ্তার করে পুলিশ।

আইউইটনেস নিউজের এক প্রতিবেদন জানায়, মঙ্গলবার ফার রকওয়ের ২৫-১৫ সিগার্ট বুলেভার্ড এলাকায় অবস্থিত একটি লন্ড্রি কারখানা থেকে ঘটনার সূত্রপাত।

এদিন ভোর ৫টা ৩০ মিনিটের দিকে পার্কিং লটে বাকপ্রতিবন্ধী ওই ছেলেকে প্রথম লক্ষ্য করে লন্ড্রি কারখানার এক কর্মচারী। কথা বলতে সক্ষম না হওয়ায় ছেলেটিকে কোনো প্রকার সাহায্য করতে ব্যর্থ হন তিনি।

পরে কারখানার কর্মচারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে পুলিশ ছেলেটিকে তাদের হেফাজতে নিয়ে যায়।

বাকপ্রতিবন্ধকতা ও অটিজম আক্রান্ত হওয়ায় পুলিশকেও বেগ পেতে হয় পরিচয় ও বাড়ির ঠিকানা নিশ্চিত করতে। অবশেষে জানতে পারে, লন্ড্রি কারখানার পাশের ব্লকেই ছেলেটির বাড়ি।

পুলিশ তাকে বাড়ি পৌঁছে দিতে গেলে দেখতে পায়, ঘরে রয়েছে বিভিন্ন বয়সী আরও সাতজন ছেলে-মেয়ে। কিন্তু অভিভাবক বলতে কেউ নেই।

মায়ের খোঁজ করলে বেরিয়ে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ জানায়, ছেলে-মেয়েদের বাড়িতে ফেলে রেখে আট সন্তানের জননী ব্রুকলিনে ছুটেছেন ছিনতাইয়ের উদ্দেশে। পরে ওই মা কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, আটক করার পর সন্তানদের কথা জিজ্ঞেস করলে নিজেকে নিঃসন্তান দাবি করেন ওই মা।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় অভিভাবকরা। দুঃসময় কাটানোর উপায় থাকলেও সন্তান হারনোর চেয়ে খারাপ কিছু নেই বলে মন্তব্য করেন অনেকে।

নিখোঁজ হওয়া ওই ছেলেটিকে এখন নিউ ইয়র্ক সিটি চাইল্ড সার্ভিস-এসিএসের হেফাজতে রাখা হয়েছে।