ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকায় বিশেষ অভিযানে বেশ কয়েকজন হুথি যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে সরকারি বাহিনী। শনিবার বাব আল মান্দেব প্রণালীর নিকটবর্তী ধুবাব বিমানবন্দর এলাকায় এই প্রাণহানি ঘটে। দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকারের অনুগত সাদার্ন জায়ান্টস ব্রিগেড এই অভিযান চালায়।
সামরিক সূত্র জানায়, সম্প্রতি দখলে নেয়া বিমানবন্দরটির উত্তরে বিশেষ এই অভিযান চলাকালে বর্ধিত বাহিনী পাঠায় হুথিরা। খবর পেয়ে ঘটনাস্থলে অগ্রসর হওয়া হুথিদের অতিরিক্ত সামরিক বহরকে লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলা চালায়। এতে হুথি বাহিনীর বেশ কিছু সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ধ্বংস হয়।
হুথি-সমর্থিত গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন সরকারের অনুগত বাহিনী বাব এল মান্দেব এলাকায় চারটি বিমান হামলা চালিয়েছে। এছাড়াও রাজধানী সানার উত্তরে আমরান প্রদেশেও একাধিক বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি সূত্র।
সৌদি সমর্থিত ও আন্তর্জাতিক স্বীকৃতি ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল সরকার ও সশস্ত্র গোষ্ঠী হুথি বাহিনীর মধ্যে গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হয়। লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিতে হোদেইদা, মোখা বন্দর, তাইয প্রদেশ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় সামরিক অভিযান জোরদার করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থানের নিয়ন্ত্রণও নেয় তারা। সবশেষ গত সপ্তাহে পুরো ইয়েমেন মুক্ত করতে অপারেশন ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে সরকারি বাহিনী। সৌদি আরবের সহায়তায় ইয়েমেনি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস সাম্প্রতিক এই অভিযানের শুরুতেই মোখা বন্দর ও ধুবাব বিমানবন্দর পুনরুদ্ধারের ঘোষণা দেয়।
চলমান এই সংঘাতের তীব্রতায় দেশটিতে ইতোমধ্যে প্রায় দেড় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩ হাজার নাগরিক সাগর পাড়ি দিয়ে প্রতিবেশি দেশ জিবুতিতে আশ্রয় নিয়েছেন। হামলা, অবরোধ, সড়ক ধ্বংস হওয়াসহ নিরাপত্তাহীনতার কারণে পুরো অঞ্চলে তীব্র খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে।