আবাসন সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপের দাবিতে স্পেইনের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। ৮৭ বছর বয়সী এক নারীকে দীর্ঘদিনের বাসা থেকে উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তীব্র হয়েছে দেশটির আবাসন সংকট নিয়ে ক্ষোভ।
রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে লাগাতার বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। মাদ্রিদে বড় জমায়েতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা সাশ্রয়ী আবাসনের দাবি জানান এবং সাধারণ ধর্মঘটের ডাক দেওয়ার আহ্বান জানান। এ সময় পূর্বাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ায় একটি রিয়েল এস্টেট সম্মেলনের বাইরে নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।
আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৮৭ বছর বয়সী মারিয়া দেল কারমেন আবাসকাল, যিনি ‘মারিকারমেন’ নামে পরিচিত। এর আগে, গত ২৩ সেপ্টেম্বর মাদ্রিদের একটি বাসা থেকে তাকে উচ্ছেদ করা হয়। ওই বাসায় তিনি প্রায় সাত দশক ধরে বসবাস করছিলেন। উচ্ছেদের দিন তাকে স্ট্রেচারে করে বাসা থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে মাদ্রিদের পুয়ের্তা দেল সল এলাকায় প্রায় এক হাজার বিক্ষোভকারী অবস্থান নেন। একই ধরনের কর্মসূচি হয় বার্সেলোনার প্লাজা কাতালুনিয়াতেও।
উল্লেখ্য, স্পেইনে গত এক দশকে গড় ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১৬ সালে প্রতি বর্গমিটারে গড় ভাড়া ছিল ৮ দশমিক ২০ ইউরো, যা চলতি বছর বেড়ে হয়েছে ১৫ দশমিক ১০ ইউরো। সরকারের হিসাবে, ভাড়ায় থাকা স্প্যানিশদের প্রায় ২৬ শতাংশ আয়ের গড়ে ৪০ শতাংশ আবাসন ভাড়া ও ইউটিলিটি বিলের পেছনে ব্যয় করেন; ইউরোপীয় ইউনিয়নে এ হার ১৮ শতাংশ।
এদিকে মারিকারমেন-এর বাড়িতে ফেরার বিষয়ে রিয়েল এস্টেট কোম্পানিটির সঙ্গে সমঝোতা হয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন। তবে প্রতিবেদন প্রকাশের সময় তিনি এখনো হাসপাতাল থেকে ছাড়পত্র পাননি।