মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা, দগ্ধ অনেকে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২৫, ৭:০০ হালনাগাদ: জানুয়ারি ১৩ ২০২৬, ৭:২২

যাত্রীরা উমরাহসম্পন্ন করে মক্কা থেকে মদিনার দিকে ফিরছিলেন। ছবি: এনডিটিভি

যাত্রীরা উমরাহসম্পন্ন করে মক্কা থেকে মদিনার দিকে ফিরছিলেন। ছবি: এনডিটিভি

  • 0

নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে।

মদিনার কাছে যাত্রীবাহী একটি বাসের সাথে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে ৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরবের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে , নিহতদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক ।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বাসটি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল, যখন মুফরিহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসের বেশিরভাগ যাত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় নিহত যাত্রীরা উমরাহ সম্পন্ন করে মক্কা থেকে মদিনার দিকে ফিরছিলেন বলে জানা গেছে।

গালফ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ায় তাদের পালানোর সুযোগ খুব কম ছিল। ফলে ঘুমন্ত অবস্থাতেই জীবন্ত দগ্ধ হন অধিকাংশ যাত্রী৷

প্রতিবেদনে বলা হয়েছে যে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ধারকারী দল জানিয়েছে যে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, যার ফলে হতাহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এ ঘটনায়, মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন বেঁচে গেছেন। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।