ইঙ্গিত আগেই দিয়েছিলেন। এবার সরাসরি সমর্থনের কথা জানালেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিউ ইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী জোরান মামদানিকে সমর্থন দিয়েছেন স্টেইটির গভর্নর ক্যাথি হোকুল।
আইউইটনেস নিউজ জানায়, রবিবার এক্সে করা পোস্টে মামদানিকে সমর্থন জানান হোকুল।
তিনি লিখেন, নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে এমন একজনকে চান, যিনি ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাখেন এবং নিউ ইয়র্কবাসীর অর্থনৈতিক ও সামাজিক জীবনকে সহজ ও সুন্দর করে তুলবেন।
মামদানির উদ্দেশে লেখা ওই পোস্টে গভর্নর আরও বলেন, ‘বিগত কয়েক মাসে আমরা অনেকবার আলোচনায় বসেছি। আমাদের মধ্যেও মতের মিল-অমিল আছে, তবে সবচেয়ে বড় বিষয় হলো মামদানির ভেতর আমি এমন একজনকে খুঁজে পেয়েছি যে কিনা নিউ ইয়র্ক সিটির শিশু ও তরুণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘নিউ ইয়র্কের প্রতিটি পরিবারের জীবন অর্থনৈতিকভাবে সহজ করা তার লক্ষ্য। মামদানির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’
হোকুলের পোস্টের পর এক্সে গভর্নরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মামদানি।
নিউ ইয়র্ক সিটিতে মেয়র নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৪ নভেম্বর। সময়ের হিসাবে বাকি দেড় মাসের বেশি।
এর আগে মেয়র জরিপে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী মামদানি। বিশেষ করে তরুণ, প্রগতিশীল ভোটার এবং শ্রমিক-অভিবাসী ইউনিয়নগুলোর জোরালো সমর্থন পাচ্ছেন তিনি।
এদিকে হোকুলের এক্স বার্তায় প্রতিক্রিয়া জানিয়েছেন আরেক মেয়র পদপ্রার্থী কার্টিস স্লিওয়া।
এক বিবৃতিতে তিনি জানান, নিউ ইয়র্কের সবচেয়ে বাজে গভর্নরই সবচেয়ে খারাপ প্রার্থীকে সমর্থন করছেন।