সন্তানসহ শ্রমজীবী পরিবার, জরুরি সেবাকর্মী ও সামরিক পরিবারের সদস্যদের জন্য ৫০০টি বিনা মূল্যের বিশ্বকাপ টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল।
হোকুলের বরাত দিয়ে আইউইটনেস নিউজ জানায়, নিউ ইয়র্ক স্টেইট ওয়াইএমসিএস ও টানেল টু টাওয়ারস ফাউন্ডেশনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের টিকিটগুলো দেওয়া হবে।
হোকুল এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বকাপ বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসর। এটি শুধু তাদের জন্য হওয়া উচিত নয়, যারা সবচেয়ে দামি টিকিট কিনতে পারেন। আমরা চাই সাধারণ নিউইয়র্কবাসীও এ ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারুক।’
জানা গেছে, টিকিটগুলো নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার ও রকল্যান্ড কাউন্টির বিভিন্ন ওয়াইএমসিএ শাখা এবং টানেল টু টাওয়ারস ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা হবে।
বিশ্বকাপের এই টিকিটগুলো সংগ্রহ করেছে এনওয়াইএনজে হোস্ট কমিটি এবং এ উদ্যোগে সহায়তা দিয়েছে উবার।
এর আগে চলতি সপ্তাহে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল স্টেইটের বাসিন্দাদের জন্য ৭৭০টি বিনা মূল্যের বিশ্বকাপ টিকিট দেওয়ার ঘোষণা দেন।
অন্যদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র যোরান মামদানি সিটির বাসিন্দাদের জন্য ৫০ ডলার মূল্যে ১ হাজার টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।