নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ক্ষমতা গ্রহণের দিন বড় পরিসরে ব্লক পার্টি উদযাপনের ঘোষণা দিয়েছেন জোরান মামদানি।
আইউইটনেস নিউজ জানায়, রোববার মামদানি এক ঘোষণায় উৎসবের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হবে অভিষেক অনুষ্ঠান। তার পরপরই গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানটি পরিণত হবে উৎসবমুখর পরিবেশে।
ম্যানহাটনের ক্যানিয়ন অব হিরোস সড়ক জুড়ে চলবে সুর আর নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ড।
উৎসবটিতে নিবন্ধন করে অংশ নিতে পারবেন হাজার হাজার নিউ ইয়র্কবাসী।
মামদানি বলেন, ’এ অভিষেক অনুষ্ঠান হবে আমাদের যাত্রা, জনসমর্থন ও যে শহরকে নির্মাণ করতে আমরা প্রস্তুত তার উদযাপন। নিউ ইয়র্কবাসীর জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য এবং রাজনীতির এ নতুন যুগকে স্বাগত জানাতে জনগণকে সিটি হলে আমন্ত্রণ জানাই।‘
আয়োজনে আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে আহ্বান জানান মামদানি।