ক্যালিফোর্নিয়ার গভর্নর পদের হাড্ডাহাড্ডি প্রাইমারিতে এগিয়ে আছেন হিলটন ও বেসেরা
- 0


প্রকাশিত: জুন ৩ ২০২৬, ১৬:২৮
ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে অনুষ্ঠিত ওপেন প্রাইমারি নির্বাচনের আংশিক ফলাফলে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন ও ডেমোক্র্যাটিক হ্যাভিয়ার বেসেরা এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত গণনা হওয়া ভোটে হিলটন ২৭ দশমিক ৮ শতাংশ এবং বেসেরা ২৫ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। এই ফল বহাল থাকলে আগামী ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে দুই দলের মধ্যে সরাসরি লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
নির্বাচন কর্মকর্তাদের প্রকাশিত ফলাফলে দেখা যায়, রিপাবলিকান টেলিভিশন ভাষ্যকার ও সাবেক ফক্স নিউজ উপস্থাপক স্টিভ হিলটন ১ দশমিক ২ মিলিয়নের বেশি ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। ডেমোক্র্যাটিক হ্যাভিয়ার বেসেরা প্রায় ১ লাখ ২০ হাজার ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থানে আছেন।
তবে ক্যালিফোর্নিয়ায় অধিকাংশ ভোট ডাকযোগে দেওয়া হয়। নির্বাচনের দিন বা তার আগে পোস্টমার্ক করা ব্যালট পৌঁছানোর জন্য আরও এক সপ্তাহ সময় থাকায় চূড়ান্ত ফলাফলে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটিক বিলিয়নিয়ার টম স্টেয়ার ১৯ দশমিক ৬ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন এবং শীর্ষ দুই প্রার্থীর তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে পিছিয়ে পড়েছেন।
ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসমের মেয়াদ শেষ হওয়ার পর যে ব্যক্তি ক্যালিফোর্নিয়ার পরবর্তী গভর্নর হবেন, তিনি প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দায়িত্ব নেবেন। একইসঙ্গে আবাসন ব্যয়, গৃহহীনতা, পানি সংকট এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
কারা এই দুই প্রার্থী?
হ্যাভিয়ার বেসেরা সাবেক ক্যালিফোর্নিয়া অ্যাটর্নি জেনারেল এবং কংগ্রেসম্যান। তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সময় হেলথ সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তিনি নির্বাচিত হলে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্রথম লাতিনো গভর্নর হবেন। সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বেসেরা বলেন, এখনও অনেক ভোট গণনা বাকি থাকলেও নভেম্বরের নির্বাচনে যাওয়ার পথে তারা এগিয়ে আছেন।
অন্যদিকে বৃটিশ বংশোদ্ভূত স্টিভ হিলটন ২০২১ সালে অ্যামেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন। সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উপদেষ্টা হিসেবে কাজ করা হিলটন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন। ফলাফল প্রকাশের পর তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “পরিবর্তন আসছে।”
রাজনৈতিক গুরুত্ব
২০১১ সালে আর্নল্ড শোয়ার্জনেগারের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ক্যালিফোর্নিয়ায় কোনো রিপাবলিকান স্টেইটের নির্বাচিত পদে জয় পাননি। ফলে হিলটনের অগ্রগতি রিপাবলিকানদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে ডেমোক্র্যাটরা ক্যালিফোর্নিয়াকে নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে ধরে রাখতে চাইছে। ফলে নভেম্বরে হিলটন-বেসেরা লড়াই জাতীয় রাজনীতিতেও বিশেষ গুরুত্ব পাবে।
অন্যান্য প্রতিদ্বন্দ্বিতা
একই দিনে অনুষ্ঠিত লস অ্যাঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে বর্তমান মেয়র কারেন ব্যাস ৩৪ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন। এছাড়া কংগ্রেস ও স্থানীয় বিভিন্ন নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে।
