লন্ডনে গাড়ি পরিচালনার লাইসেন্স পেতে অনিয়মের অভিযোগে দায়ের করা প্রায় ৩৪০ মিলিয়ন পাউন্ডের দুটি ক্ষতিপূরণ মামলা খারিজ করেছে হাইকোর্ট। সোমবার (১৯ অক্টোবর) মামলাগুলো খারিজের আবেদনে উবারের পক্ষে রায় দেন আদালত।
সংবাদমাধ্যম রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে লন্ডনের প্রায় ১৩ হাজার ব্ল্যাক ক্যাব চালক এবং বন্ধ হয়ে যাওয়া দুটি প্রাইভেট হায়ার প্রতিষ্ঠান কাবি ও আইরাইড উবারের বিরুদ্ধে মামলা করে। বাদীপক্ষের অভিযোগ, ২০১২ সালে লন্ডনে প্রাইভেট হায়ার গাড়ি পরিচালনার লাইসেন্স পাওয়ার সময় ট্রান্সপোর্ট ফর লন্ডনকে (টিএফএল) বিভ্রান্তিকর ও ভুল তথ্য দিয়েছিল উবার। এতে তাঁদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তাঁরা।
ব্ল্যাক ক্যাব চালকদের পক্ষ থেকে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড এবং অপর দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় ১৪০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ চাওয়া হয়।
উবার অভিযোগ অস্বীকার করে জানায়, মামলা দায়েরের নির্ধারিত ছয় বছরের আইনি সময়সীমা পার হয়ে গেছে। বিচারক সাইমন বার্ট তাঁর লিখিত রায়ে বলেন, বাদীপক্ষ ২০১৮ সালের আগেই কথিত অনিয়মের বিষয়টি জানতে পারত। এ কারণে সময়সীমা অতিক্রমের ভিত্তিতে মামলাগুলো খারিজ করা হয়। তবে অভিযোগের মূল সত্যতা নিয়ে আদালত কোনো সিদ্ধান্ত দেননি।
রায়ে হতাশা প্রকাশ করে বাদীপক্ষের মামলা পরিচালনাকারী প্রতিষ্ঠান আরজিএল ম্যানেজমেন্ট জানিয়েছে, পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।