নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুক হামলায় ৭ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। ওই ঘটনায় সন্দেহভাজনকে একজনকে আটক ও অপর একজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, বুধবার দুপুর প্রায় ১টার দিকে বরোর হামবোল্ট ও মুর স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় নিহত শিশুর নাম কাওরি প্যাটারসন-মুর।
কর্তৃপক্ষ জানায়, ভুক্তভোগী শিশু তার মায়ের সঙ্গে স্ট্রলারে করে যাচ্ছিল, ঠিক তখনই আশপাশ থেকে গুলি চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অন্তত তিনটি গুলির শব্দ শুনেছেন। এক সাক্ষী জানান, প্রথমে তিনি ঘটনাটিকে আতশবাজির শব্দ মনে করেছিলেন কিন্ত পরে বুঝতে পারেন তিনি নিজেও আহত হয়েছেন।
গুলির ঘটনার পর শিশুটির মা, বাবা ও বড় ভাই-বোন দ্রুত পাশের একটি দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়ে শিশুটি গুলিবিদ্ধ হয়েছে বুঝতে পেরে মা ভেঙে পড়েন।
শিশুটির বাবা তাকে দ্রুত কাছের উডহুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এনওয়াইপিডির ভাষ্য, এটি ছিল একটি গ্যাং-সম্পর্কিত হামলা। ঘটনার পর দুইজন সন্দেহভাজন একটি কালো মপেডে করে পালিয়ে যায়।
নিউইয়র্ক সিটির মেয়র যোরান মামদানি এ ঘটনাকে মর্মান্তিক বলে দুঃখ প্রকাশ করেছেন।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, ‘এই ঘটনা অ্যামেরিকার বন্দুক সহিংসতা মোকাবিলার প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।
ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ানোর পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।