ইযরায়েলের সঙ্গে চলতি বছরের যুদ্ধে বাড়িঘর ধ্বংস হওয়া বা বসবাসের অনুপযোগী হয়ে পড়া লেবানিজ পরিবারগুলোকে সর্বোচ্চ ১৪ হাজার ডলার আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে হিজবুল্লাহ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির নির্বাহী পরিষদের চেয়ারম্যান আলী দামুশ এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পরিকল্পনা অনুযায়ী, বৈরুত ও এর দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আসবাবপত্র কেনার জন্য ৮ হাজার ডলার এবং বাড়িভাড়া বাবদ ৬ হাজার ডলার পাবে। লেবাননের অন্যান্য অঞ্চলের পরিবারগুলো পাবে মোট ১২ হাজার ডলার। এর মধ্যে আসবাবপত্রের জন্য ৮ হাজার এবং ভাড়ার জন্য ৪ হাজার ডলার বরাদ্দ থাকবে।
এক বছরের মধ্যে চার কিস্তিতে এ অর্থ বিতরণ করা হবে। প্রথম কিস্তিতে বৈরুত অঞ্চলের পরিবারগুলো পাবে ৩ হাজার ৫০০ ডলার এবং অন্যান্য অঞ্চলের পরিবারগুলো পাবে ৩ হাজার ডলার।
দামুশ জানান, বাড়ির ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই করে সহায়তা পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হবে। কেবল ক্ষতিগ্রস্ত বাড়িতে বসবাসকারী পরিবারগুলো এ সহায়তা পাবে। দ্বিতীয় বাড়ি, গ্রীষ্মকালীন অবকাশযাপনের বাড়ি ও পরিত্যক্ত সম্পত্তি এ কর্মসূচির আওতায় পড়বে না।
এর আগে, গত সপ্তাহে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাস্তুচ্যুত পরিবারগুলোকে সহায়তার জন্য ইরান থেকে ২০ কোটি ডলার পেয়েছে হিজবুল্লাহ। তবে অ্যামেরিকা এ অর্থের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। দামুশ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সংঘাতের কারণে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।