ওয়াশিংটনে হেলিকপ্টার বিধ্বস্ত, কী ঘটেছে নিখোঁজ ৪ সেনার ভাগ্যে?

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০ ২০২৫, ৯:১৭

নিখোঁজ সেনাদের খুঁজতে অভিযানে নেমেছে উদ্ধারকারী দল। ছবি: সিবিএস নিউজ

নিখোঁজ সেনাদের খুঁজতে অভিযানে নেমেছে উদ্ধারকারী দল। ছবি: সিবিএস নিউজ

  • 0

হেলিকপ্টারে থাকা চার সেনার নাম এখনও প্রকাশ করা হয়নি।

ওয়াশিংটনে বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে সেনাবাহিনীর এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরে হেলিকপ্টারে থাকা ৪ সেনার এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানাও হয়, বুধবার জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ডের কাছে একটি গ্রামীণ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিখোঁজ সেনারা নিহত হয়েছেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

সেনাবাহিনীর বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, চারজন সার্ভিস সদস্যকে ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টে (এয়ারবর্ন) নিযুক্ত করা হয়েছিল।

সেনাবাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোনাথন ব্রাগা এক বিবৃতিতে জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

ব্রাগা বলেছেন, ‘আমরা দক্ষ পেশাদারদের ধন্যবাদ জানাই যারা আমাদের সৈন্যদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন।’

তবে হেলিকপ্টারে থাকা চার সেনার নাম এখনও প্রকাশ করা হয়নি।

জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ড ওয়াশিংটনের টাকোমার ঠিক দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

থার্স্টন কাউন্টি শেরিফ ডেরেক স্যান্ডার্স বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে রাজ্যের রাজধানী অলিম্পিয়া থেকে প্রায় ২০ মাইল পশ্চিমে অবস্থিত সামিট লেকের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

২০২৪ সালের অক্টোবরে, ওয়াশিংটন স্টেটের মাউন্ট রেইনিয়ারের কাছে একটি নৌবাহিনীর জেট বিধ্বস্ত হয় , এতে বিমানের দুই ক্রু সদস্য নিহত হন ।