ট্রাই-স্টেটজুড়ে ছড়িয়ে পড়া চার দিনের তীব্র তাপপ্রবাহে নিউ ইয়র্কে অসুস্থত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তিনজনই সপ্তাহান্তে নিজ নিজ বাড়িতে মারা যান।
নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো এক বিবৃতিতে জানান, তাপ প্রবাহে প্রতিবছরই বহু মানুষের প্রাণ কেড়ে নেয়। প্রতি বছর গড়ে প্রায় ৫০০ নিউ ইয়র্কবাসী তাপজনিত অসুস্থতায় মারা যান।
তিনি আরও জানান, দাবদাহ মোকাবিলায় সিটি প্রশাসন পাঁচটি বরোতে শত শত কুলিং সেন্টার চালু করেছে। পাশাপাশি খোলা সুইমিং পুলগুলোর সময় বাড়ানো হয়েছে এবং বয়স্ক, গৃহহীন ও ঝুঁকিতে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
আইউইটনেস নিউজ জানায়, গত বুধবার শুরু হওয়া তাপপ্রবাহ শনিবার পর্যন্ত স্থায়ী হয়। এ সময় কয়েকটি এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি। রোববার থেকে তাপমাত্রা কমে ৮০ ডিগ্রি ফারেনহাইটে নেমে এলে তাপপ্রবাহ থেকে স্বস্তির নি:শ্বাস ছাড়ে বাসিন্দারা। ।
এদিকে, নিউ জার্সি হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে স্টেইটজুড়ে অন্তত ২৫ জনের মৃত্যু চরম গরমের সঙ্গে প্রাথমিকভাবে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। মৃতদের বয়স মূলত ৩০-এর মাঝামাঝি থেকে ৮০-এর মধ্যে এবং ঘটনাগুলো ১০টি কাউন্টিতে ছড়িয়ে আছে। চূড়ান্ত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।