বৈঠকে ইযরায়েলি মন্ত্রীসভা
গাযা পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহুকে বোর্ড অব পিস’র হুঁশিয়ারি
- 0


প্রকাশিত: নভেম্বর ২৮ ২০২৬, ১৪:৪৭
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাযা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইযরায়েলি অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বোর্ড অব পিস। শনিবার স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইযরায়েল এক প্রতিবেদনে জানায়, গত মঙ্গলবার ওয়াশিংটন নিয়ন্ত্রিত ‘বোর্ড অব পিস’-এর মহাপরিচালক নিকোলাই ম্লাদেনভ ইযরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে গাযার যুদ্ধোত্তর পুনর্বাসনের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে তেল আভিভকে দায়ী করা হয়। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে বোর্ড অব পিস তাদের ম্যান্ডেড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ফিরিয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন ম্লাদেনভ।
চিঠিতে নেতানিয়াহুকে সতর্ক করা হয় যে, গত বছরের যুদ্ধবিরতি চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন না করলে এই প্যানেল তাদের ম্যান্ডেট বা দায়িত্ব ফিরিয়ে নিতে বাধ্য হবে। একজন ইযরায়েলি কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র ‘দ্য টাইমস অব ইযরায়েল’-কে এই তথ্য জানিয়েছে।
ম্লাদেনভ স্পষ্ট করেছেন যে, প্যানেলটি গাযা নিয়ে নেতানিয়াহুর কাছে বাড়তি কোনো ছাড় চাইছে না। বরং গাযা যুদ্ধ অবসানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা এবং ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো পূরণ করাই মূল দাবি—যার উভয়টিতে নেতানিয়াহু আগেই অনুমোদন দিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিক পদক্ষেপে গড়িমসি করে আসছেন।
যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাযায় মানবিক সহায়তার নির্ধারিত মাত্রা পূরণ করা এবং গাযা প্রশাসনে হামাসের স্থলাভিষিক্ত হওয়ার দায়িত্বপ্রাপ্ত শাসন ও নিরাপত্তা কাঠামোগুলো চালুর সুযোগ দেওয়ার কথা। ইতোমধ্যে ‘বোর্ড অব পিস’ একটি প্যালেস্টিনিয়ান টেকনোক্র্যাট সরকার গঠন করেছে, কয়েক হাজার প্যালেস্টিনিয়ান রিক্রুটের জন্য আবেদন নিয়েছে এবং তাদের ‘ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স’ (আইএসএফ)-এ দায়িত্ব পালনের জন্য শত শত মরোক্কান সেনাকে প্রশিক্ষণ দিয়েছে।
তবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাযা (এন.সি.এ.জি)-সহ এসব সংস্থা এখনো মাঠে নামতে পারেনি। ইজিপ্টে পুলিশ বাহিনীর প্রশিক্ষণ এখনো শুরু হয়নি। আই.এস.এফ বাহিনী মোতায়েনও স্থবির হয়ে আছে। নেতানিয়াহু সরকার বরাবরই এসব সংস্থার কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় অনুমোদনে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
যদিও চিঠিতে দাবি করা হয়, চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিচ্ছিল হামাস। তবে অস্ত্র সমর্পণের আলোচনায় তারা গড়িমসি করলেও ৩০ জুলাই বোর্ডের নিরস্ত্রীকরণ রোডম্যাপে রাজি হয়। কিন্তু ইযরায়েল ধাপে ধাপে বাস্তবায়নের কাঠামোর কারণে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে এবং অস্ত্র হস্তান্তর সহজতর করার জন্য গঠিত সংস্থাগুলোর কার্যক্রম আটকে দেয়। নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা যেন কোনো পদক্ষেপকে দুর্বলতা হিসেবে তুলে ধরতে না পারে, সে বিষয়টি মাথায় রেখে কয়েক মাস বোর্ড ইযরায়েলের ওপর কড়া চাপ প্রয়োগ থেকে বিরত ছিল। কিন্তু ২৭ অক্টোবরের ভোট শেষ হওয়ার পর—যদিও তাতে চূড়ান্ত ফল আসেনি—‘বোর্ড অব পিস’ জানিয়ে দিয়েছে যে তারা আর অপেক্ষা করতে রাজি নয়।
সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর বিরুদ্ধে জনসম্মুখে চাপ বাড়িয়েছে বোর্ড। একাধিক কর্মকর্তা গণমাধ্যমেও কথা বলেছেন। এ সপ্তাহেই বোর্ডের স্থপতি ও ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার সতর্ক করে বলেছেন, গাযা নিয়ে দৃষ্টিভঙ্গি না বদলালে ইযরায়েল ‘বৈশ্বিক অচ্ছুত (গ্লোবাল প্যারাইয়া) অবস্থার’ দিকে এগিয়ে যাবে।
বোর্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা জশ গ্রুয়েনবাউমও সতর্ক করেছেন যে, ইযরায়েল ২০ দফা পরিকল্পনায় বাধা দিয়ে গেলে প্যানেলটি গাযার যুদ্ধোত্তর ব্যবস্থাপনা তদারকির ম্যান্ডেট ফিরিয়ে দেবে। সে ক্ষেত্রে গাযার ২০ লাখ বাসিন্দার ভরণপোষণের দায়িত্ব ইযরায়েলকে নিতে হবে। একইসাথে এই দায়িত্ব হামাস, জাতিসংঘ, প্যালেস্টিনিয়ান অথরিটি অথবা এদের কোনো সমন্বয়ের ওপর গিয়ে পড়বে। মঙ্গলবার পাঠানো চিঠিতে ম্লাদেনভের বার্তাও মূলত গ্রুয়েনবাউমের বক্তব্যেরই প্রতিধ্বনি।
২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অনুমোদন দেয় এবং ২০২৭ সালের শেষ পর্যন্ত গাযার যুদ্ধোত্তর রূপান্তর তদারকির ম্যান্ডেট ‘বোর্ড অব পিস’-কে দেয়। তবে ইযরায়েল পুনর্বাসন পরিকল্পনা এগিয়ে নিতে বাধা দিলে ম্লাদেনভ আগেই সেই ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার হুমকি দেন, যদিও কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
চিঠি পাঠানোর পর কয়েক দিনে বোর্ড এমন কিছু ইঙ্গিত পেয়েছে, যা থেকে মনে হচ্ছে নেতানিয়াহু তার অবস্থান বদলাতে আগ্রহী। ইযরায়েলি কর্মকর্তার তথ্য অনুযায়ী, চিঠি পাওয়ার পরপরই নেতানিয়াহু কুশনারের সাথে ফোনে কথা বলেন এবং জানান যে, ইযরায়েল ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া শুরু করবে।
নেতানিয়াহুপন্থী ইযরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, আই.এস.এফ মোতায়েনের অনুমোদনসহ গাযা-সংক্রান্ত কয়েকটি পদক্ষেপ অনুমোদনের জন্য রবিবার নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকে বসবে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ম্লাদেনভের ব্রিফিংয়ের আগেই ইযরায়েল অগ্রগতি দেখাতে চাইছে বলে জানিয়েছেন ওই ইযরায়েলি কর্মকর্তা।
কূটনৈতিক এই চাপের মুখেও হামাস নেতা এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জড়িত বলে অভিযুক্ত ব্যক্তিদের ওপর হামলা জোরদার করেছে ইযরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। একটি সূত্র জানায়, যেসব ব্যক্তি সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করছেন না, তাদের লক্ষ্য করে চালানো এমন হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন। ওয়াশিংটনের কর্মকর্তারা মনে করেন না যে, সব ক্ষেত্রেই তাৎক্ষণিক হুমকির বিষয়টি ছিল, এবং তারা বেসামরিক প্রাণহানি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন।
গাযা নিয়ে ইযরায়েল ও ‘বোর্ড অব পিস’-এর আলোচনার সাথে যুক্ত ওই সূত্র আরো সতর্ক করেছে, অব্যাহত হামলা নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে ভেস্তে দেওয়ার ঝুঁকি তৈরি করছে; কারণ এতে হামাস ভাবতে পারে যে অস্ত্র সমর্পণ করুক বা না করুক, তাদের সদস্যদের হত্যা করা হবে।
