কুইন্সে গির্জার ভাস্কর্য ভাংচুর ও দেয়ালে খ্রিস্ট বিরোধী বার্তা লেখার অভিযোগে এক সন্দেহভাজনকে খুঁজছে নিউ ইয়র্ক্ সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, গত ৫ অক্টোবর (রবিবার) একসঙ্গে কুইন্সের তিনটি গির্জায় হামলা চালায় সন্দেহভাজন।
সিসিটিভি ফুটেজের ভিডিওতে ওইদিন রাত ১টা ৪০ মিনিটের দিকে মট অ্যাভিনিউয়ের দ্য রিফিউজি চার্চ অব খ্রিস্টের ভবনের দেয়ালে খ্রিস্ট বিরোধী বার্তা লিখতে দেখা যায় এক ব্যক্তিকে।
চার মিনিট পর পাশে অবস্থিত দ্য সিটি অফ অসিস চার্চ অব ডেলিভারেন্সের ভবনে বিদ্বেষমূলক বার্তা লিখে পালিয়ে যান ওই ব্যক্তি।
সর্বশেষ রাত ২টার দিকে নিউ হেভেন অ্যাভিনিউয়ের সেইন্ট ম্যারি স্টার অব দ্য সী চার্চে অপকর্ম চালাতে দেখা যায় তাকে। ওই সময় দেয়াল লিখনের পাশাপাশি গির্জার দুইটি ভাস্কর্যও ভাংচুর করেন সন্দেহভাজন।
এ ঘটনায় অভিযুক্তকে ধরতে এনওয়াইপিডির ক্রাইম টাস্ক ফোর্স তদন্ত চালাচ্ছে।