Skip to main content

নুরের ওপর হামলার তীব্র নিন্দা বিএনপির

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৯ ২০২৫, ২০:২৫

বিএনপির দলীয় পতাকা। ছবি: উইকিমিডিয়া কমন্স

বিএনপির দলীয় পতাকা। ছবি: উইকিমিডিয়া কমন্স

  • 0

ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া পোস্টে এ অবস্থান ব্যক্ত করে দলটি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তুলে ধরা হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর শুক্রবার রাতে হামলার ঘটনায় শনিবার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।

ভেরিফায়েড ফেসবুকে পেজে দেওয়া পোস্টে এ অবস্থান ব্যক্ত করে দলটি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তুলে ধরা হয়।

ফখরুল বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই।

‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অসংখ্য নেতা-কর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দ্রুত আরোগ্য কামনা করছি।’

রাজধানীর কাকরাইলের আল রাজী কমপ্লেক্সের নিচে শুক্রবার রাতে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রাত সাড়ে ৯টার দিকে মারধরে গুরুতর আহত হন তিনি।

নুরের ফেসবুক পেজে শেয়ার করা লাইভে দেখা যায়, ডাকসুর সাবেক ভিপিকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নেতা-কর্মীরা।

লাইভে বলতে শোনা যায়, জাতীয় পার্টির হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছিলেন নুরসহ অন্য নেতারা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নুরসহ নেতা-কর্মীদের মারধর করছেন।

গণঅধিকার পরিষদের প্রেস উইং থেকে জানানো হয়, মুমূর্ষু অবস্থায় আছেন নুরুল হক নুর।