Skip to main content

হঠাৎ অগ্ন্যুৎপাত , আকাশে ৬ মাইল উঁচু ছাইয়ের স্তম্ভ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩ ২০২৫, ১৩:০৪ হালনাগাদ: মে ২৯ ২০২৬, ২০:০৩

আগ্নেয়গিরির মধ্যে বজ্রপাত হচ্ছে। ছবি: ফ্রান্স ২৪

আগ্নেয়গিরির মধ্যে বজ্রপাত হচ্ছে। ছবি: ফ্রান্স ২৪

  • 0

দেশটির ভূতাত্ত্বিক সংস্থার শেয়ার করা ছবিতে ছাইয়ের স্তূপের ওপরে আগ্নেয়গিরির মধ্যে বজ্রপাত হতে দেখা গেছে।

পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে অবস্থিত একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে শুক্রবার স্থানীয় সময় রাত ১২টা ৪৮ মিনিটে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটেছে।

এতে বিশাল ছাইয়ের স্তম্ভ আকাশে প্রায় ১৮ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল) উচ্চতায় উঠে গেছে বলে জানিয়েছে দেশটির ভলক্যানোলজি সংস্থা।

এনডিটিভি জানিয়েছে, অগ্ন্যুৎপাতটি ঘটেছে পর্যটন দ্বীপ ফ্লোরেসের মাউন্ট লেওতোবি লাকি-লাকি থেকে। আগ্নেয়গিরিটির উচ্চতা ১,৫৮৪ মিটার।

ভলক্যানোলজি সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরির মুখ থেকে ছাইয়ের স্তম্ভ প্রায় ১০ হাজার মিটার ওপরে উঠেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গ্যাস জমা হওয়ার ফলে এই অগ্ন্যুৎপাতের সূত্রপাত হয়েছে।

পর্যটক এবং বাসিন্দাদের আগ্নেয়গিরির আশেপাশের ছয় কিলোমিটার এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

দেশটির ভূতাত্ত্বিক সংস্থার শেয়ার করা ছবিতে ছাইয়ের স্তূপের ওপরে আগ্নেয়গিরির মধ্যে বজ্রপাত হতে দেখা গেছে।

গত মাসে, আগ্নেয়গিরিটি ১৮ কিলোমিটার দীর্ঘ একটি বিশাল ছাইয়ের স্তম্ভ তৈরি করে যার ফলে বালির আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি ফ্লাইট বাতিল করা হয়।

তবে শুক্রবারের অগ্ন্যুৎপাতের পর তাৎক্ষণিকভাবে কোনও ফ্লাইট বাতিলের খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশীয় ভাষায় লাকি-লাকির অর্থ পুরুষ। এই আগ্নেয়গিরির পাশেই ১,৭০৩ মিটার লম্বা আগ্নেয়গিরি রয়েছে যার নাম পেরেম্পুয়ান। ইন্দোনেশীয় শব্দ অনুযায়ী যার অর্থ নারী। তবে পেরেম্পুয়ান আগ্নেয়গিরিটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।