এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকা চীনা নারী অ্যালিস হুয়াংকে চীনের গোয়েন্দা সংস্থা সম্পর্ক গড়ার নির্দেশ দিয়েছিল—এমন কোনো প্রমাণ পায়নি আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো। তবে সম্পর্ক শুরুর পর অ্যালিস চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের (এমএসএস) কাছে গোয়েন্দা তথ্য পাঠিয়েছিলেন কি না, তা নাকচ না করলেও নিশ্চিত নন গোয়েন্দা কর্মকর্তারা।
মঙ্গলবার কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভস ও সেনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির কর্মীদের এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই, সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি- সিআইএ ও ন্যাশনাল ইন্টিলিজেন্স ডিরেক্টর অফিসের কর্মকর্তারা অংশ নেন। বৈঠক সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
ব্রিফিংয়ে বলা হয়, অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিড পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উন্নত প্রযুক্তির এনভিডিয়া এআই চিপ আমেরিকার রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে চীনে পাঠানোর অভিযোগ রয়েছে।
কর্মকর্তারা জানান, অ্যালিসের কথিত স্বামী কাং ওয়েই চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি অন্তত কিছু সময় ওই সংস্থার হয়ে কাজ করেছেন।
এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে অ্যালিসের সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার যোগাযোগের বিষয়টি উঠে আসে। গত রোববার নিউইয়র্ক টাইমস জানায়, ২০২৫ সালের বসন্ত থেকে চলতি বছরের শরৎকাল পর্যন্ত অ্যালিস চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
এদিকে সোমবার (২৩ নভেম্বর) জেনসেন হুয়াংকে এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল করা হয়। এরপর সামাজিক মাধ্যমে ট্রাম্প দাবি করেন, হুয়াং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন এবং তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চও বলেন, হুয়াংয়ের কোনো অন্যায় কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।
ট্রাম্পের এ বক্তব্যের একদিন পর গোয়েন্দা সংস্থাগুলো হুয়াংকে কেন্দ্র করে উঠে আসা বিতর্কিত ঘটনাটি প্রসঙ্গে সীমিত বক্তব্য জানাল।
তবে চীনে এনভিডিয়ার উন্নত চিপ পাচারের অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধে জাস্টিস ডিপার্টমেন্টের তদন্ত চলছে। সোমবার প্রতিষ্ঠানটিকে বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায়ও যুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। ফলে আমেরিকার কোনো প্রতিষ্ঠানকে এখন থেকে মেগাস্পিডের কাছে প্রযুক্তিপণ্য পাঠাতে লাইসেন্স নিতে হবে।