শান্তি আলোচনায় ব্যর্থ হয়ে গত রোববার হরমুজ প্রণালিতে টোল ফি দিয়ে চলাচল করা সব জাহাজকে অবরোধ করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এ ঘোষণার আগে থেকেই ভারত একাধিকবার জানায়, যুদ্ধের ভিতর হরমুজ প্রণালি দিয়ে টোল ফি ছাড়াই পার করা হয়েছে নয়টি তেলবাহী ভারতীয় জাহাজ।
ট্রাম্পের অবরোধের হুঁশিয়ারির পর সোমবার ভারতের পক্ষে এ দাবির সত্যতা নিশ্চিত করলেন দেশটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি।
একইসঙ্গে সঙ্কট চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে ভারতীয় জাহাজ চলাচলের নিশ্চয়তা দিয়েছেন তিনি।
ভারতে অবস্থিত ইরান দূতাবাসে সাংবাদিকদের উদ্দেশ্যে ফাতহালি বলেন, ‘হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের ভিতর সমন্বয় ও আলোচনা চলছে।‘
পরে ভারতকে বন্ধুরাষ্ট্র অভিহিত করে তিনি বলেন,’ইরান ও ভারত, আমাদের লক্ষ্য আছে। পাশাপাশি এখন এ দুঃসময়ে আমাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় আছে।‘
সেই সঙ্গে চলমান যুদ্ধে ইরানের প্রতি ভারতীয় সরকার ও জনগণের সমর্থনের কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, ‘আমি ভারতীয় জনগণকে ধন্যবাদ জানাতে চাই। তারা দেখিয়েছে যে, কঠিন সময়ে তারা সহানুভূতিশীল ও নির্ভরযোগ্য সঙ্গী।‘
হরমুজ প্রণালি দিয়ে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে ভারত, যুদ্ধ শুরুর পর থেকে যা ক্ষতিগ্রস্ত হয়েছে।