ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের একটি আদালত।
ছয় নারীকে কেন্দ্র করে করা সাতটি অভিযোগের মধ্যে ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার (৯ নভেম্বর) তার সাজা ঘোষণা করা হয়।
সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক জোয়েল বেনাথান এ রায় দেন। এর আগে গত ৫ নভেম্বর চার সপ্তাহের বিচার শেষে আদালত ব্র্যান্ডকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে।
ব্র্যান্ডের বিরুদ্ধে ১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয় নারীর সঙ্গে সংশ্লিষ্ট সাতটি যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন এবং একটি শালীনতাবিরোধী আচরণের চেষ্টা সংক্রান্ত অভিযোগ ছিল। তিনি অবশ্য দুটি ধর্ষণ ও শালীনতাবিরোধী আচরণের চেষ্টার একটি অভিযোগ থেকে খালাস পেয়েছেন।
অভিযোগ অনুযায়ী, ২০০৯ সালে লন্ডনের হ্যামারস্মিথ অ্যাপোলোতে ব্র্যান্ডের একটি অনুষ্ঠানের পর এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই নারী তাঁর বাড়িতে গেলে সম্মতি ছাড়া তাকে ধর্ষণ করেন ব্র্যান্ড। এ ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
এ ছাড়া ২০০৪ সালে একটি বারে এক নারীকে যৌন নিপীড়ন, একই সময়ে একটি রেডিও স্টেশনে আরেক নারীকে যৌন নিপীড়ন এবং ২০০৯ সালে চ্যানেল ফোরের একটি প্রকল্পে কাজ করার সময় এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হন।
বিচার চলাকালে ব্র্যান্ড সব অভিযোগ অস্বীকার করেন। তার দাবি ছিল, সংশ্লিষ্ট নারীদের সঙ্গে তার শারীরিক সম্পর্কগুলো পারস্পরিক সম্মতিতে হয়েছিল। তবে অভিযোগকারীরা আদালতে তাদের অভিজ্ঞতার বর্ণনা দেন।
২০২৩ সালে ব্রিটিশ সংবাদমাধ্যমে ব্র্যান্ডের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ প্রকাশের পর পুলিশ তদন্ত শুরু করে। ২০২৫ সালের এপ্রিলে তার বিরুদ্ধে প্রথম দফায় অভিযোগ গঠন করা হয়। পরে আরও অভিযোগ যুক্ত হয়।
অভিনয় ও কৌতুকশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া ব্র্যান্ড পরবর্তী সময়ে রাজনৈতিক ভাষ্যকার ও ওয়েলনেস ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করেছেন। ২০১৭ সালে লরা গ্যালাচারের সঙ্গে বিয়ে হয় তার। তাদের তিন সন্তান রয়েছে।
এদিকে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুই নারীর ধর্ষণের অভিযোগ তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। এসব অভিযোগে এখনো নতুন করে কোনো অভিযোগ গঠন করা হয়নি।