Skip to main content

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, মৃত ও নিখোঁজ অনেকে

টিবিএন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩ ২০২৫, ২১:০৮ হালনাগাদ: মার্চ ১৭ ২০২৬, ৬:৫৯

ইয়েমেনের উপকূলের বিপরীতে ঝুঁকিপূর্ণ জলপথ দিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন শরণার্থী ও অভিবাসীরা। ছবি: এএফপি

ইয়েমেনের উপকূলের বিপরীতে ঝুঁকিপূর্ণ জলপথ দিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন শরণার্থী ও অভিবাসীরা। ছবি: এএফপি

  • 0

ইন্টারন্যাশনাল অর্গেনাইজেশন ফর মাইগ্রেশন-আইওএমের ইয়েমেন দপ্তরের প্রধান আবদুসাত্তার এসোয়েভ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপিকে রবিবার জানান, নৌকাটিতে ছিলেন ইথিওপিয়ার ১৫৪ নাগরিক। এটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের জলপথে ডুবে যায়।

ইয়েমেন উপকূলের বিপরীতে সমুদ্রে একটি নৌকা ডুবে প্রাণ হারানোর পাশাপাশি নিখোঁজ হয়েছেন আফ্রিকান অনেক শরণার্থী ও অভিবাসী।

জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাতে আল জাজিরা রবিবার জানায়, নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া নিখোঁজ হন ৭৪ জন।

ইন্টারন্যাশনাল অর্গেনাইজেশন ফর মাইগ্রেশন-আইওএমের ইয়েমেন দপ্তরের প্রধান আবদুসাত্তার এসোয়েভ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপিকে রবিবার জানান, নৌকাটিতে ছিলেন ইথিওপিয়ার ১৫৪ নাগরিক। এটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের জলপথে ডুবে যায়।

তিনি জানান, ডুবে যাওয়া নৌকা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন ১২ জন। ৫৪ অভিবাসী ও শরণার্থীর মরদেহ খানফার জেলার সৈকতে ভেসে আসে। আরও ১৪ জনের মরদেহ পাওয়া যায় অন্য একটি জায়গায়। সবগুলো মরদেহ নেওয়া হয় হাসপাতালের মর্গে।

এর আগে ইয়েমেনের সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নৌকাডুবির ঘটনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে।

জাঞ্জিবারে অবস্থিত হেলথ অফিসের পরিচালক আবদুল কাদের বাজামিল জানান, ইয়েমেনের উপকূলীয় নগর শাকরায় মৃতদেহগুলোর শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা চলছে।

ইয়েমেন ও হর্ন অব আফ্রিকার মধ্যকার জলপথ শরণার্থী ও অভিবাসীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। ২০১৪ সালে গৃহযুদ্ধ শুরুর পর অনেক ইয়েমেনি এ পথ দিয়ে দেশ ছেড়েছেন।