ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে সোমবার এক বন্দুকধারীর সঙ্গে ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের পাল্টাপাল্টি গুলি হয়েছে। ওই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ও এক কিশোর পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
এবিসি নিউজ জানায়, সোমবার বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে ন্যাশনাল মলের কাছে, হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরে এ ঘটনা ঘটে।
ইউএস সিক্রেট সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ম্যাট কুইন এক সংবাদ সম্মেলনে জানান, সাদা পোশাকের একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা প্রথম সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। সেইসঙ্গে ওই ব্যক্তির কাছে অস্ত্র আছে বলে ধারণা করেন তিনি।
পরে ইউনিফর্ম পরিহিত সিক্রেট সার্ভিস পুলিশ সদস্যরা কিছুক্ষণ ওই সন্দেহভাজনকে অনুসরণ করেন এবং যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু সন্দেহভাজন দৌড়ে পালিয়ে যান ও কর্মকর্তাদের দিকে গুলি ছোড়েন। কর্মকর্তারা তখন পাল্টা গুলি চালালে সন্দেহভাজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় আহত সন্দেহভাজনকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান কুইন। তবে তার অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।
কুইনের মতে, গুলিবিদ্ধ হওয়ার আগে সন্দেহভাজনের গুলিতে একজন কিশোর পথচারী আহত হন। তবে হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর এখন ঝুঁকিমুক্ত বলে নিশ্চিত করেন তিনি।
এ ঘটনার পেছনের উদ্দেশ্য এখনো তদন্তাধীন। এ ঘটনা এমন এক সময় ঘটল, যখন এর এক সপ্তাহেরও বেশি আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি কথিত হত্যাচেষ্টার ঘটনা ঘটে।
‘এটি প্রেসিডেন্টকে লক্ষ্য করে ছিল কি না, আমি জানি না, তবে আমরা তা খুঁজে বের করব,’ বলেছেন কুইন।