কাঁচা দুধ পানে সন্তান অসুস্থের অভিযোগ, মায়ের মামলা
বোতলজাত কাঁচা দুধ। ছবি: সিবিএস নিউজ
- 0

প্রকাশিত: আগস্ট ১৯ ২০২৫, ০:১৬

কাঁচা দুধ পান করে শিশু সন্তান অসুস্থ হয়ে গেছে অভিযোগ করে ফ্লোরিডার একটি দুগ্ধ খামারের নামে মামলা করেছেন এক নারী।
এনবিসি নিউজ সোমবার জানায়, কাঁচা দুধ পানজনিত সংক্রমণের প্রাদুর্ভাবের সঙ্গে খামারটির যোগসূত্র পেয়েছেন ফ্লোরিডার কর্মকর্তারা।
সেমিনল কাউন্টিতে গত বুধবার মামলাটি করা হয়, যার বাদী র্যাচেল ম্যাডক্স নামের নারী।
র্যাচেলের দাবি, কাঁচা দুধ পানের ঝুঁকির বিষয়ে তিনি অবগত ছিলেন না। পণ্যটি পান করে তার সন্তান মারাত্মক অসুস্থ হয়ে পড়ে।
নিউ স্মিরনা বিচ এলাকার ‘কিলি ফার্মস ডেইরি’ নামের খামারটির নামে মামলা করেন র্যাচেল। চলতি বছরের জানুয়ারি থেকে ক্যাম্পিলোব্যাকটার ও শিগা টক্সিন-প্রডিউসিং ই. কোলাই-এসটিইসি ব্যাকটেরিয়াজনিত কমপক্ষে ২১টি সংক্রমণের সঙ্গে চলতি মাসে খামারটির সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব হেলথ।
সংক্রমিত ২১ জনের মধ্যে ১০ ও সাত বছরের কম বয়সী শিশুও রয়েছে, যাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
স্টেইটের স্বাস্থ্য কর্মকর্তারা সংক্রমণের প্রাদুর্ভাবের সময় কাঁচা দুধ পানের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিলেন।
ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব হেলথ সে সময় বলেছিল, প্রতিটি ব্যাচে যাতে যথাযথভাবে স্যানিটেশন অনুশীলনগুলো প্রয়োগ করা হয়, সে লক্ষ্যে খামারটির সঙ্গে কাজ করছে তারা।
র্যাচেল তার মামলায় বলেন, চলতি বছরের জুনে প্রায় ২০ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় ওয়াইল্ড হেয়ার ন্যাচারাল মার্কেট থেকে কিলি ফার্মস ডেইরির কাঁচা দুধ কেনেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সোমবার এনবিসি নিউজের করা প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেয়নি কিলি ফার্মস ডেইরি, ওয়াইল্ড হেয়ার ন্যাচারাল মার্কেট ও র্যাচেলের আইনজীবীরা।
মামলায় এ নারী অভিযোগ করেন, পূর্ব ইউরোপে বেড়ে ওঠা তার স্বামীর জন্য তিনি কাঁচা দুধ কেনেন। তার স্বামী খামারের তাজা দুধের প্রশংসা করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সম্ভাব্য বিপদ সম্বন্ধে অবগত না হয়ে তিনি পণ্যটি কেনেন।
ফ্লোরিডার আইন অনুযায়ী দুধের প্যাকেটে লেবেল ছিল। এতে লেখা ছিল, পণ্যটি মানুষের ভোগের জন্য নয়; অন্য প্রাণীদের জন্য।
অভিযোগে উল্লেখ করা হয়, ওই নারী লেবেলের বিষয়ে বিক্রেতাকে জিজ্ঞাসা করেন। বিক্রেতা তাকে জানান, খামারের দুধ বিক্রি করতে এ ধরনের লেবেল দরকার। কথাটি শুনে আর কোনো প্রশ্ন করেননি এ নারী।
লেবেলের বিষয়ে র্যাচেল কার কাছে জানতে চেয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি অভিযোগে।

