ধূমপান কমাতে বড় পদক্ষেপ নিল ব্রিটেইন। নতুন আইনে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া কেউ আর জীবনে কখনো বৈধভাবে সিগারেট কিনতে পারবে না। বুধবার রাজকীয় অনুমোদনের মাধ্যমে কার্যকর হওয়া এই আইনকে দীর্ঘমেয়াদি জনস্বাস্থ্য নীতির অংশ হিসেবে দেখছে সরকার।
গত সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়া ‘টোবাকো অ্যান্ড ভেপস বিল’-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ব্যবস্থায় প্রতি বছর ধাপে ধাপে তামাক কেনার বৈধ বয়স এক বছর করে বাড়বে। ফলে ২০০৯ বা তার পর জন্ম নেওয়া প্রজন্মের জন্য কার্যত আজীবন নিষেধাজ্ঞা তৈরি হবে।
আইনে শুধু সিগারেট নয়, ভেপিং ও অন্যান্য নিকোটিন পণ্যের বিপণন, প্যাকেজিং এবং দোকানে প্রদর্শনের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের দাবি, এসব পদক্ষেপ তরুণদের মধ্যে ধূমপান ও ভেপিংয়ের প্রবণতা কমাতে সহায়ক হবে।
তবে লন্ডনের সাধারণ মানুষের মধ্যে এই আইন নিয়ে মতভেদ দেখা গেছে। ২১ বছর বয়সী শিক্ষার্থী মিনোলা স্লাভেস্কি বলেন, কিশোর ও তরুণদের জন্য সিগারেট নিষিদ্ধ করা জরুরি, কারণ বর্তমানে অনেক তরুণ প্রকাশ্যে ধূমপান ও ভেপিং করছে।
অন্যদিকে ২৩ বছর বয়সী টেনিস খেলোয়াড় হ্যারি জর্ডান মনে করেন, মানুষ অন্য উপায়ে তামাকজাত পণ্য সংগ্রহের পথ খুঁজে নেবে, ফলে এই আইন সমস্যার পুরো সমাধান দিতে পারবে না। পূর্ব লন্ডনের এক দোকানদার মেহমেতও একই মত দেন। তার ভাষায়, “মানুষ যেভাবেই হোক ধূমপান করবে।”
জনস্বাস্থ্য সংগঠন ‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে। সংস্থাটির প্রধান নির্বাহী হ্যাজেল চিজম্যান বলেন, ১৬ ও ১৭ বছর বয়সীদের মধ্যে ধূমপানের হার ইতোমধ্যেই কম। ফলে এই নীতি বাস্তবায়ন সহজ হবে এবং সময়ের সঙ্গে এর প্রভাব বাড়বে।
সরকারি হিসাব অনুযায়ী, এই নীতির ফলে ভবিষ্যতে সংশ্লিষ্ট বয়সগ্রুপে ধূমপানের হার প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে। এতে স্বাস্থ্যসেবার ওপর চাপ কমবে এবং ধূমপান ধীরে ধীরে শুধু বয়স্ক প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বে।
তবে ভেপিং পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। বরং এর স্বাদ, নাম, প্যাকেজিং এবং বিক্রয় পদ্ধতির ওপর নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে, যাতে অপ্রাপ্তবয়স্ক ও নতুন ব্যবহারকারীদের নিরুৎসাহিত করা যায়।
আইনের কিছু দিক নিয়ে তরুণদের মধ্যে উদ্বেগও রয়েছে। ২৩ বছর বয়সী সহকারী চলচ্চিত্র প্রযোজক কোসি ওয়াইডার বলেন, তরুণদের জন্য তামাক পাওয়া কঠিন করা ভালো, তবে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও গুরুত্বপূর্ণ।