শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার কাজ করছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত ‘শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী জানান, কালুরঘাট শিল্প এলাকার শ্রমজীবী নারীদের জন্য নির্মিত মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্রটি দ্রুত চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ‘কালুরঘাট শিল্প এলাকায় অন্তত দুই লাখ শ্রমিক কাজ করেন। তাদের একটি বড় অংশ নারী শ্রমিক। শ্রমজীবী নারীদের নিরাপত্তা, আবাসন, চিকিৎসাসেবা ও অন্যান্য সংকট নিরসনে এই স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
পরিদর্শনকালে শ্রমমন্ত্রী নারী শ্রমিকদের জন্য নির্মিত হোস্টেল ও পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কেন্দ্রটি ঘুরে দেখেন। স্থাপনাটিতে সরকার কয়েক’শ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানান তিনি। তবে নানা কারণে ভবনটি এখনো চালু করা সম্ভব না হলেও এর ভবিষ্যৎ এবং এটি কীভাবে শ্রমজীবী নারীদের কল্যাণে ব্যবহার করা যায়, সে বিষয়ে আইনগত ও কারিগরি সব দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে মেয়র, এলাকার সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানান শ্রমমন্ত্রী আরিফুল হক।
এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, শ্রম কল্যাণ সংস্থার কর্মকর্তা, ঠিকাদারি প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।