গুগলের ক্লাউড সেবায় বিভ্রাটের কারণে মঙ্গলবার ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে সমস্যা দেখা দিয়েছে। যার ফলে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের গুগল ক্লাউড সেবায় সমস্যার কারণে ব্রিটেনের ডিজিটাল ব্যাংক রেভলিউটের একাধিক সেবা ব্যাহত হয়েছে। এর মধ্যে কার্ডের মাধ্যমে লেনদেন ও এটিএম থেকে টাকা তোলার সেবাও রয়েছে। তবে গ্রাহকদের অর্থ ও তথ্য নিরাপদ আছে বলে জানিয়েছে ব্যাংকটি।
অন্যদিকে জার্মানির আইএনজি ব্যাংক জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের অনলাইন ব্যাংকিং ও মোবাইল অ্যাপে প্রবেশ করতে গ্রাহকদের সমস্যা হচ্ছে। ব্রিটেনের হ্যালিফ্যাক্স ব্যাংকও তাদের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানিয়েছে।
সেবা বিঘ্নের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে লয়েডস ব্যাংক, এইচএসবিসি, ব্যাংক অব স্কটল্যান্ড, আবাসনবিষয়ক ওয়েবসাইট রাইটমুভ, পার্সেল সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডি, ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস ইংল্যান্ড এবং ডাক পরিষেবা রয়্যাল মেইলের সেবা নিয়ে অভিযোগ দেখা গেছে। তবে এসব প্রতিষ্ঠানের সবগুলোতেই গুগল ক্লাউডের বিভ্রাটের কারণে সমস্যা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
গুগল জানিয়েছে, লন্ডনে অবস্থিত তাদের ইউরোপ-ওয়েস্ট ২ ডেটা সেন্টারে সৃষ্ট সমস্যা খতিয়ে দেখছে প্রকৌশলীরা। ব্রিটেন ও আয়ারল্যান্ডের গ্রাহকদের সেবা দেওয়ার জন্য এই ডেটা সেন্টার ব্যবহৃত হয়।
এদিকে, আর্থিক খাতে ক্লাউড সেবাসহ বাইরের প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা নিয়ে ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদ্বেগ বাড়ছে। গত জুলাইয়ে ব্রিটেনে গুগল ক্লাউডসহ চারটি প্রযুক্তি প্রতিষ্ঠানকে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ তৃতীয় পক্ষের সেবাদাতা হিসেবে চিহ্নিত করে। এর ফলে প্রতিষ্ঠানগুলো সরাসরি নিয়ন্ত্রক সংস্থার তদারকির আওতায় আসে।
গত বছর ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি সরবরাহকারী হিসেবে ১৯টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছিল।