সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় (এমএইচআরএসডি) গৃহকর্মীদের কাছ থেকে যে কোনো ধরনের ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
এসব ফি এর মধ্যে রয়েছে, রিক্রুটমেন্ট ফি, ওয়ার্ক পারমিট ফি, সার্ভিস ট্রান্সফার ফি এবং পেশা পরিবর্তনের ফি। গৃহকর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সংক্রান্ত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি সরকার।
আরব সংবাদমাধ্যম ডেইলি ওকায জানায়, নতুন নিয়ম অনুযায়ী, যারা গৃহকর্মীদের কাছ থেকে ফি আদায় করবেন, তাদের সর্বোচ্চ ২০,০০০ সৌদি রিয়াল (প্রায় ৪,৬৭,৮৬৬ টাকা) জরিমানা করা হবে এবং তিন বছরের জন্য গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
নতুন এ নিয়মগুলো মূলত সৌদি আরবের শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য কর্মসংস্থান প্রচারের অংশ।
সৌদি আরবের নির্দেশিকায় গৃহকর্মী খাতে অনুমোদিত পেশাগুলো নিম্নরূপ তালিকাভুক্ত করা হয়েছে:
গৃহকর্মী, ব্যক্তিগত ড্রাইভার, শিশু দেখাশোনাকারী, হোম নার্স, রাঁধুনি, দর্জি ,বাটলার, সুপারভাইজার, হাউস ম্যানেজার, হোম গার্ড, ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট, কৃষক, ফিজিক্যাল থেরাপিস্ট ও হোম কফি মেকার।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভবিষ্যতে যদি অন্যান্য পেশা গৃহকর্মের অন্তর্ভুক্ত হয়, তবে সেগুলোও অনুমোদিত হতে পারে।
গৃহকর্মীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে বেশ কিছু নতুন নির্দেশিকা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে-
- সরকারি চুক্তি অনুযায়ী সময়মত মজুরি প্রদান।
- সপ্তাহে একদিন বিশ্রাম এবং প্রতিদিন কমপক্ষে আট ঘণ্টা একটানা বিশ্রাম।
- দুই বছর একটানা চাকরির পর এক মাসের বেতনভুক্ত ছুটি।
- টানা চার বছর চাকরির পর এক মাসের বেতনের সমান চাকরির অবসানের সুবিধা।
- প্রতি দুই বছর অন্তর ফিরতি বিমানের টিকিট, নিয়োগকর্তার আওতায়।
- অনুমোদিত মেডিকেল রিপোর্ট সহ বছরে ৩০ দিন পর্যন্ত অসুস্থ ছুটি।
- পাসপোর্ট এবং ইকামার মতো ব্যক্তিগত নথিপত্র সংরক্ষণের অধিকার।
সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা আইনি দায়িত্বে বাধ্য যে তারা এমএইচআরএসডি যাচাই করা চুক্তি স্বাক্ষর করবেন। এছাড়াও, গৃহকর্মীদের জন্য উপযুক্ত বাসস্থান ও খাবার বা আর্থিক ভাতা প্রদান করতে হবে।
নিয়োগকর্তারা অবশ্যই বাসস্থান ও ওয়ার্ক পারমিট নবায়ন নিজের খরচে নিশ্চিত করবেন, এবং কর্মীদের পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে হবে। এছাড়াও, নিয়োগকর্তারা স্বাস্থ্যসেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করবেন।