


প্রকাশিত: নভেম্বর ১৬ ২০২৬, ১৫:৫৫ হালনাগাদ: নভেম্বর ১৬ ২০২৬, ১৭:০৩

ইযরায়েলি পুলিশ চিফ, কমিশনার ড্যানিয়েল লেভি। ফাইল ছবি
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইযরায়েলের নেসেট নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী বেনাজামিন নেতানিয়াহুর কার্যালয় (পিএমও) এবং পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর বিতর্কের সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে তিন আরব রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি সম্পৃক্ততা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতার অভিযোগ ওঠার পর, পুলিশ প্রধান কমিশনার ড্যানিয়েল লেভি বিষয়টি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক ও বর্তমান দুই কর্মকর্তার সাথে যোগসাজশে ‘নাটক’ তৈরির অভিযোগে সোমবার সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন ড্যানিয়েল লেভি।
ইযরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর অনুসন্ধানী অনুষ্ঠান ‘উভদা’ এবং হিব্রু গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলোর পর দেশটির রাজনৈতিক অঙ্গনে এই অস্থিরতা চরমে পৌঁছেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের আচরণ সংক্রান্ত সকল প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক ও কমান্ড-সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কমিশনার ড্যানিয়েল লেভি। উপ-কমিশনার ইয়ার হেযরোনি এই পর্যালোচনার তত্ত্বাবধান করবেন এবং এক সপ্তাহের মধ্যে কমিশনারের কাছে তার প্রতিবেদন জমা দেবেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের আগের দিন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ প্রধানের কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনের দিন ভোরে দক্ষিণ ইযরায়েলের তিনজন বেদুইন নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ঐতিহ্যবাহী আরব দল ‘রা’আম’-এর পক্ষে ভোট কেনার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। নির্বাচনের দিন নেতানিয়াহু এই গ্রেপ্তারের ঘটনাকে সামনে এনে ভোট চুরি হচ্ছে বলে দাবি করেন এবং তার সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ইদো নর্ডেন পুলিশকে এমন একজন গোয়েন্দা উৎসের সন্ধান দিয়েছিলেন, যিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করতেন। হিব্রু গণমাধ্যমগুলো সেই ব্যক্তিকে ড্যানিয়েল গ্রিনবার্গ হিসেবে শনাক্ত করেছে, যিনি পিএমও-র সাবেক মহাপরিচালক ইয়োসি শেলির শীর্ষ উপদেষ্টা ছিলেন। চ্যানেল ১২ আরো দাবি করেছে, নির্বাচনের প্রায় দুই সপ্তাহ আগে অর্থাৎ ১৫ অক্টোবর, উত্তরের দ্রুজ শহর ইয়ারকার একটি অনুষ্ঠান হলে লিকুদ পার্টির কর্মীদের সাথে নেতানিয়াহুর একটি বৈঠক হয়। সেখানে ড্যানিয়েল গ্রিনবার্গ এবং চিফ অব স্টাফ ইদো নর্ডেন উপস্থিত ছিলেন।

অভিযোগ উঠেছে, নির্বাচনের পর আরব দলগুলো ভোট চুরি করেছে—এমন দাবি তোলার প্রস্তুতি হিসেবেই ওই বৈঠকটি করা হয়েছিল। একই দিনে নেতানিয়াহু সেখানে এক অনুষ্ঠানে দাবি করেছিলেন যে, সিরিয়ার দ্রুজ অঞ্চলে সাম্প্রদায়িক রক্তপাতের সময় তিনি সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে কথা বলেছিলেন।
তবে গ্রিনবার্গের আইনজীবী সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-কে জানিয়েছেন, গ্রিনবার্গ প্রায় ছয় মাস আগেই প্রধানমন্ত্রীর কার্যালয় ছেড়েছেন এবং এরপর থেকে তিনি রাজনীতির সাথে যুক্ত নন।
নেতানিয়াহু ও তার দল লিকুদ এই অভিযোগ এখন পর্যন্ত অস্বীকার করে চলেছে। একইসাথে লিকুদ পার্টির আইনজীবী ইলান বোমবাখ সোমবার ‘দ্য টাইমস অফ ইযরায়েল’কে বলেছেন যে, দলটি ২৭ অক্টোবরের নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে জেরুযালেম জেলা আদালতে বুধবার আপিল করবে; নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে এ ধরনের আবেদন দাখিলের এটিই শেষ দিন।
অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর বিরোধী দল ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইয়াশার পার্টির এমকে এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান ইয়োরাম কোহেন অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাকে চিঠি লিখে জরুরি ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, নির্বাচনের দিন রাজনৈতিক স্বার্থ হাসিলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা ব্যবহার করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। আইনি ক্ষমতার আওতায় থাকা কোনো পদক্ষেপও যদি অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তবে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে তিনি সতর্ক করেন।
এদিকে, জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসুফ জাবারিন অ্যাটর্নি জেনারেলের কাছে নেতানিয়াহু ও তার কার্যালয়ের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের আবেদন জানিয়েছেন। পাশাপাশি পিএমও, পুলিশ ও শিন বেতের ভূমিকা খতিয়ে দেখতে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি তুলে তিনি একে আরব জনগণের মৌলিক অধিকারের বিরুদ্ধে সরকারের অভ্যুত্থান প্রচেষ্টা এবং বিপজ্জনক বর্ণবাদী উসকানি হিসেবে অভিহিত করেছেন।
একই দলের এমকেে এবং বালাদ পার্টির চেয়ারম্যান আহমেদ তিবিও তীব্র সমালোচনা করে বলেন, তারা অভিযোগ করতে চেয়েছিল আরবরা নির্বাচন চুরি করেছে, কিন্তু দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোকজনই তা চুরির পরিকল্পনা করেছিল। তিনি নেতানিয়াহু, শিন বেত প্রধান ডেভিড জিনি ও পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভির বিরুদ্ধে তদন্তের দাবি জানান।
এছাড়া রা’আম পার্টির চেয়ারম্যান মনসুর আব্বাস এই ঘটনাকে গণতন্ত্রের ওপর স্পষ্ট আঘাত বলে উল্লেখ করেছেন। নেসেটে এক দলীয় বৈঠকে তিনি বলেন, এই মিথ্যা অভিযোগের কারণে আরব ও ইহুদি উভয় সম্প্রদায়ের হাজার হাজার বা কয়েক দশ হাজার ভোট হারিয়েছে তার দল।
তিনিও জয়েন্ট লিস্টের সাথে একাত্ম হয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে তদন্তের অনুরোধ জানিয়েছেন এবং প্রয়োজনে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের কথা বলেছেন।
আব্বাস স্পষ্ট করেন যে, তারা ইযরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বা পরিচয়ের বিরোধিতা করতে নয়, বরং আরব সমাজের অপরাধ ও সহিংসতার মতো গভীর সমস্যা সমাধানে পরবর্তী জোটে যোগ দিতে আগ্রহী। নতুন নেসেট স্পিকার নির্বাচনের পরপরই সরকার গঠনের মূল আলোচনা শুরু হবে বলে তিনি জানান।
