বৈশ্বিক এই সংকটের মুখে সম্মেলনে একটি আন্তর্জাতিক জ্বালানি পাইপলাইন নির্মাণের ধারণা পেশ করেছেন সৌদি জ্বালানিমন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান। অন্যদিকে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, রিয়াদে হুথিদের করা রবিবারের সবশেষ হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।
বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা কমায় উৎপাদন লক্ষ্যমাত্রা কমানোর ঘোষণা দিয়েছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক। সৌদি আরবের রাজধানী রিয়াদে ২৫তম ডব্লিউপিসি এনার্জি সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার, ওপেক-এর মহাসচিব হাইথাম আল ঘাইস জানান, চলতি বছর জ্বালানি বৃদ্ধির চাহিদা প্রায় দেড় মিলিয়ন থেকে ৪০০ হাজারে নেমেছে। হুথি গোষ্ঠীর প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখেই রবিবার রিয়াদের ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস‘র এই সম্মেলন শুরু হয়।
বৈশ্বিক এই সংকটের মুখে সম্মেলনে একটি আন্তর্জাতিক জ্বালানি পাইপলাইন নির্মাণের ধারণা পেশ করেছেন সৌদি জ্বালানিমন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান। অন্যদিকে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, রিয়াদে হুথিদের করা রবিবারের সবশেষ হামলায় একজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন।
রিয়াদে আয়োজিত ২৫তম ডব্লিউপিসি এনার্জি কংগ্রেসে দেয়া বক্তব্যে সংস্থাটির মহাসচিব জানান, তেলের বৈশ্বিক চাহিদার প্রবৃদ্ধি তিনগুণের বেশি বা প্রায় ৭২ শতাংশ কমেছে। তিনি বলেন, ‘বছরের শুরুতে তেলের দৈনিক চাহিদার প্রবৃদ্ধি আমরা যেখানে ১ দশমিক ৪ মিলিয়ন ব্যারেল ধরেছিলাম, তা এখন নেমে এসেছে ৪০০ হাজার ব্যারেলে। বাস্তবতার খাতিরে এই চাহিদা আপাতত স্থগিত করা হয়েছে। তবে আমাদের বিশ্বাস, আগামী বছর এই জমে থাকা চাহিদা আবার দেখা দেবে এবং ২০২৭ সালে দৈনিক চাহিদার এই প্রবৃদ্ধি ১ দশমিক ৭ মিলিয়ন ব্যারেলে গিয়ে পৌঁছাবে।’
একইসাথে ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানির চাহিদা অন্তত ২৩ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন ওপেক মহাসচিব। অন্যদিকে তেল রপ্তানিতে সামুদ্রিক রুটে অস্থিরতার মুখে সম্মেলনে একটি আন্তজার্তিক জ্বালানি পাইপলাইন নির্মাণের প্রস্তাব তুলে ধরেন সৌদি জ্বালানিমন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এখনই কার্যকর কিছু করতে চাই। এ ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছি। আমাদের কুয়েতি বন্ধুরাও এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। মূল উদ্দেশ্য হলো—মালিকানা, পরিচালনা, নকশা ও অর্থায়নের ধরনকে সার্বজনীন করা; যাতে এগুলো শুধু সৌদি বা কুয়েতের একক না হয়ে আন্তর্জাতিক পাইপলাইনে রূপ নেয়। যেখানে পরিচালনাকারী প্রতিষ্ঠানসহ একাধিক পক্ষের স্বার্থ ও অংশীদারিত্ব থাকবে। কারণ এই পাইপলাইনে আন্তর্জাতিক অংশগ্রহণ যত বেশি হবে, এর নিরাপত্তাও ততো জোরদার হবে।’
রিয়াদে ডব্লিউপিসি’র ২৫ এনার্জি সম্মেলনে সৌদি জ্বালানিমন্ত্রী। ছবি: রয়টার্স
সৌদি মন্ত্রী বলেন, ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সামুদ্রিক রুটের বিকল্প রপ্তানি পথ হিসেবে এর উপযোগিতা প্রমাণ করেছে। রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর প্রাণঘাতী হামলায় নিরাপত্তা শঙ্কার মাঝেই রবিবার, এই সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন তিনি। ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেসের ২৫তম এই সম্মেলনে ওপেকভুক্ত দেশগুলো ছাড়াও বৈশ্বিক জ্বালানি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে। তবে নিরাপত্তা শঙ্কার কারণে শেভরন, এক্সমবিল ও টোটাল এনার্জিসহ অন্যতম পাঁচটি কোম্পানির শীর্ষ কর্মকর্তার রিয়াদ সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে।
এদিকে সৌদি সিভিল ডিফেন্স অথরিটি জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিগোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় এক পাকিস্তানি নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হন আরো অনেকেই। এর আগে শনিবার পৃথক হামলায় অন্তত ১২ জন নিহত এবং প্রায় সাড়ে তিনশো মানুষ গুরুতর আহত হয়েছেন।
তেহরান-ওয়াশিংটনের সংঘাতের মুখে হরমুয প্রাণালীতে সৃষ্ট অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় আকাশচুম্বি। টানা সাত মাসের বেশি সময় ধরে চলা অস্থিরতার মুখে রিয়াদ তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে রপ্তানিতে জোর দেয়। কিন্তু সম্প্রতি দেশটির প্রধান এই জ্বালানি নেটওয়ার্কও হামলার শিকার হয়। ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকট আরো ঘনিভূত হয়েছে।