Skip to main content

ইসরায়েলি গোয়েন্দা স্থাপনায় শনাক্তের অযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৭ ২০২৫, ২০:৪৪ হালনাগাদ: এপ্রিল ১৬ ২০২৬, ২৩:৩৩

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক। ছবি: ইরনা

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক। ছবি: ইরনা

  • 0

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এ হামলা যুক্তরাষ্ট্র-সমর্থিত অনেক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইসরায়েলের একটি গোয়েন্দা স্থাপনায় হামলার জন্য প্রথমবারের মতো নতুন ধরনের, শনাক্তের অযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দাবি, এ হামলা যুক্তরাষ্ট্র-সমর্থিত অনেক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-আইআরএনএ বা ইরনার প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি-নিক মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন।

‘আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি, যেগুলোকে শনাক্ত বা প্রতিহত করা সম্ভব নয়’, বলেন তালায়ি-নিক।

তিনি হামলাটিকে ‘শত্রুর জন্য বিস্ময়কর’ আখ্যা দিয়ে বলেন, তারা এ ধরনের আরও ঘটনা দেখতে পাবে।

তালায়ি-নিক জানান, শক্তিশালী প্রতিরক্ষাব্যুহ থাকার পরও ইরান নিশানায় সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে নিজেদের গোয়েন্দা শ্রেষ্ঠত্ব নিয়ে যারা গর্ব করেছে, সেই ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা কেন্দ্র এবার সরাসরি আঘাতের শিকার হয়েছে।

তালায়ি-নিক সতর্ক করে বলেন, ইসরায়েল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত নয়। ৭৫ বছরের অভিজ্ঞতা, সামরিক ও অসামরিক নানা বিষয় এবং কৌশলগত বাস্তবতার আলোকে এটি স্পষ্ট।

তিনি জানান, সম্ভাব্য সংঘাতের পূর্বপ্রস্তুতি হিসেবে ইরানি সশস্ত্র বাহিনীকে উন্নত অস্ত্র ও প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে।

‘আমাদের অনেক উন্নত ব্যবস্থা এখনও ব্যবহার করা হয়নি’, বলেন এ মুখপাত্র।