বিশ্বজুড়ে শরণার্থী, রাষ্ট্রহীন ও বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা এবং জরুরি মানবিক সহায়তা দিতে ২০২৭ সালের জন্য ৭.১ বিলিয়ন ডলারের তহবিল চেয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
শুক্রবার (২৭ নভেম্বর), সংস্থাটি এ তহবিল আবেদন প্রকাশ করে। তবে অর্থায়ন সংকটের কারণে আগের বছরের তুলনায় কম বাজেটে সবচেয়ে জরুরি মানবিক চাহিদাগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা করেছে সংস্থাটি।
ইউএনএইচসিআরের প্রধান বারহাম সালিহ গত মাসে সতর্ক করে বলেন, বিপুল অর্থায়ন ঘাটতি এবং বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় রেকর্ড পর্যায়ে থাকায় সংস্থাটিকে ‘অসম্ভব কাজ করতে বলা হচ্ছে’।
২০২৬ সালের জন্য সংস্থাটির তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৮.৫ বিলিয়ন ডলার। তবে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ২.৯ বিলিয়ন ডলার।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে প্রায় ১১৭.৮ মিলিয়ন মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত ছিলেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল রেকর্ড ১২৩.২ মিলিয়ন। বাস্তুচ্যুতদের মধ্যে ৩৫.৬ মিলিয়ন ছিলেন সংস্থাটির ম্যান্ডেটের আওতাভুক্ত শরণার্থী। তাঁদের প্রায় দুই-তৃতীয়াংশ এসেছেন আফগানিস্তান, সুদান, সিরিয়া, ইউক্রেন ও ভেনেজুয়েলা থেকে।
অন্যদিকে, অর্থায়ন সংকটের কারণে কর্মীসংখ্যা কমাতে বাধ্য হয়েছে ইউএনএইচসিআর। ২০২৪ সাল থেকে প্রায় ৮ হাজার কর্মী সংস্থাটি ছেড়েছেন। এতে কর্মীসংখ্যা প্রায় ২০ হাজার থেকে কমে ১২ হাজারের নিচে নেমে এসেছে।
তহবিল ঘাটতির চিত্রও স্পষ্ট হয়েছে সংস্থাটির গত দুই বছরের হিসাবে। ২০২৫ সালে ১০.৬ বিলিয়ন ডলারের তহবিল চেয়ে পাওয়া গেছে ৩.৮ বিলিয়ন ডলার। ২০২৪ সালে ১০.৮ বিলিয়ন ডলারের আবেদনের বিপরীতে পাওয়া গিয়েছিল ৫.৩ বিলিয়ন ডলার।
ইউএনএইচসিআরের মুখপাত্র ম্যাথিউ সল্টমার্শ বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং শরণার্থীদের মানবিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করাই সংস্থাটির কৌশলের মূল লক্ষ্য।
সংস্থাটি জানায়, ২০২৭ সালের আবেদন অনুযায়ী পূর্ণ অর্থায়ন পাওয়া গেলে ১৩.৬ মিলিয়ন শরণার্থী ও আশ্রয়প্রার্থী এবং ৬.৭ মিলিয়ন অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষকে সুরক্ষাসেবা দেওয়া হবে। এ ছাড়া ৩.৯ মিলিয়ন শরণার্থী ও ২ মিলিয়ন অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষকে আর্থিক সহায়তা এবং ১.৮ মিলিয়ন শরণার্থী ও ০.৮৫ মিলিয়ন বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় ও আবাসন সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
জেনেভায় আগামী ১ ডিসেম্বর ইউএনএইচসিআরের বার্ষিক তহবিল প্রতিশ্রুতি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ২০২৭ সালের তহবিল আবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
সূত্র : আরব নিউজ।