চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ শনিবার সকাল ১১ টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
এদিকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার বেশি। প্রকাশিত ফলাফলে পরিসংখ্যানে দেখা গেছে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের ৫২ দশমিক ২৫ শতাংশ ফেল করেছেন। ছাত্রীদের ফেল করার হার ৪৩ দশমিক ৬৯ শতাংশ।
এছাড়া, ১১ টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠেয় পরীক্ষাটিতে সবচেয়ে বেশি পাসের হারের রেকর্ডে আছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৬১ দশমিক ৮০ শতাংশ পাসের হার।
অন্যদিকে, সবচেয়ে কম পাশের হারের রেকর্ড বরিশাল বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।