আগামী বছর বৃটেইনে অনুষ্ঠিতব্য জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিনকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে সরাসরি ‘না’ বলেন তিনি। তবে এ বিষয়ে বার্নহামের দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত সেপ্টেম্বরে আমেরিকার স্টেইট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিতব্য জি২০ বৈঠকে অংশ নিতে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও অন্যান্য বিশ্বনেতার সঙ্গে আলোচনার সুযোগ তৈরি করতেই এ আমন্ত্রণ বলে জানান তিনি।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক বিচ্ছিন্ন করার প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া এখনো জি২০-এর সদস্য। প্রচলিত রীতি অনুযায়ী, সম্মেলনের আয়োজক দেশ জোটের সব সদস্যরাষ্ট্রের নেতাদের বার্ষিক সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে থাকে।
আগামী বছরের নভেম্বর মাসে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ম্যানচেস্টারে জি২০-এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শহরটি যে অঞ্চলে অবস্থিত, সেই অঞ্চলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম।
সূত্র: রয়টার্স।