৪০০ হাজার অভিবাসীর বৈধতা বাতিলে ট্রাম্পের আবেদন খারিজ

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৫ ২০২৫, ২১:৪৪ হালনাগাদ: মার্চ ১০ ২০২৬, ৩:৪৩

মেক্সিকোর রিও গ্রান্ডে নদী পার হয়ে অ্যামেরিকায় প্রবেশ করে টেক্সাসের ইগল পাসে ২০২২ সালের ১৪ জুলাই কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এজেন্টদের মাধ্যমে স্থানান্তরের অপেক্ষায় আশ্রয়প্রত্যাশী অভিবাসীরা। ছবি: রয়টার্স

মেক্সিকোর রিও গ্রান্ডে নদী পার হয়ে অ্যামেরিকায় প্রবেশ করে টেক্সাসের ইগল পাসে ২০২২ সালের ১৪ জুলাই কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এজেন্টদের মাধ্যমে স্থানান্তরের অপেক্ষায় আশ্রয়প্রত্যাশী অভিবাসীরা। ছবি: রয়টার্স

  • 0

ট্রাম্পের ডেমোক্র্যাটিক পূর্বসূরি জো বাইডেনের সময় অভিবাসীদের দুই বছর প্যারোলের বিরুদ্ধে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সিদ্ধান্ত আটকে দিয়েছিলেন একজন বিচারক। সে সিদ্ধান্ত স্থগিত করেনি বোস্টনভিত্তিক ফার্স্ট ইউএস সার্কিট কোর্ট অব আপিলস।

অ্যামেরিকায় বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার ৪০০ হাজার অভিবাসীর সাময়িক বৈধভাবে বসবাসের অনুমতি বাতিলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের করা আবেদন সোমবার খারিজ করে দিয়েছে ফেডারেল এক আপিল আদালত।

রয়টার্স জানায়, ট্রাম্পের ডেমোক্র্যাটিক পূর্বসূরি জো বাইডেনের সময় অভিবাসীদের দুই বছর প্যারোলের বিরুদ্ধে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সিদ্ধান্ত আটকে দিয়েছিলেন একজন বিচারক। সে সিদ্ধান্ত স্থগিত করেনি বোস্টনভিত্তিক ফার্স্ট ইউএস সার্কিট কোর্ট অব আপিলস।

এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট।

অ্যামেরিকার নাগরিক না হয়েও বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি পাওয়া লোকজনসহ অভিবাসীদের বিতাড়ন ত্বরান্বিত করা এবং অভিবাসনের ওপর কড়া ব্যবস্থা নেওয়া রিপাবলিকান প্রেসিডেন্টের এজেন্ডার অংশ।

বাইডেনের আমলে বিভিন্ন প্যারোল কর্মসূচির মাধ্যমে ইউক্রেন, আফগানিস্তান, কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা অভিবাসীদের অ্যামেরিকায় প্রবেশের সুযোগ দিয়েছিল। সেসব কর্মসূচি স্থগিতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন অভিবাসী অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা। এর পরিপ্রেক্ষিতে আপিল আদালত সোমবার রায়টি দিয়েছে।

আদালতে মামলা চলার মধ্যেই গত ২৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক ফেডারেল রেজিস্টার নোটিশে জানায়, প্রায় ৪০০ হাজার কিউবান, হাইতিয়ান, নিকারাগুয়ান ও ভেনেজুয়েলান অভিবাসীকে দেওয়া দুই বছরের প্যারোল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত ২৫ এপ্রিল স্থগিত করে দেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগপ্রাপ্ত ইউএস ডিস্ট্রিক্ট জাজ ইন্দিরা তালওয়ানি।