ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে একটি মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দিল্লির আদালত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০১৮ সালের একটি মানহানির মামলায় সোমবার বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রাইস খান এই পরোয়ানা জারি করেন। একইসঙ্গে ৩ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
ভারতের ক্ষমতাসীন সরকার ভারতীয় জনতা পার্টি-বিজেপির সমালোচনা করে বিভিন্ন সময় ইউটিউবে ভিডিও প্রকাশ করেন ধ্রুব রাঠি। ২০১৮ সালে প্রকাশিত এমন একটি ভিডিওকে কেন্দ্র করে মূলত মামলাটি করা হয়।
ভিডিওটির বিষয়বস্তু ছিল বিজেপির আইটি সেলের দূর্নীতির প্রসঙ্গে। ওই ভিডিওতে ধ্রুব রাঠি দাবি করেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে আইটি সেলের সদস্যরা বিকাশ পাণ্ডে নামের এক ব্যক্তিকে বড় অংকের ঘুষ দেওয়ার প্রস্তাব দেন।
ভিডিও প্রকাশের পর ধ্রুব রাঠির বক্তব্যকে মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেন বিকাশ পাণ্ডে। নিজেকে রাজনৈতিক স্বেচ্ছাসেবক পরিচয় দেওয়া ওই ব্যক্তি সেবছর মে মাসে ধ্রুব রাঠির বিরুদ্ধে মানহানির মামলা করেন।
দিল্লির আদালত জানায়, মামলার পর ধ্রুবকে ২০১৯ সালে প্রথম আদালতে হাজির হতে সমন পাঠানো হয়। পরবর্তীতে এ বছর দুইবার তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ও একবার সমন পাঠানো হয়।
সর্বশেষ ১৭ অক্টোবর হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে ধ্রুব রাঠির বাড়িতে আদালতের নোটিশ পৌঁছে দিতে গেলে তার বাড়ি তালাবদ্ধ পান কর্মকর্তারা। তারপর বিচারক জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার আদেশ এল।
এ ঘটনায় ধ্রুব রাঠির আইনজীবী জানান, দীর্ঘদিন ধরেই অস্ট্রিয়ায় বসবাস করছেন তিনি। তবে দেশটির কোন শহরে তিনি বসবাস করেন, আইনজীবী তা উল্লেখ করেননি।
চলতি বছর ককরোচ জনতা পার্টি-সিজেপির সমর্থনে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিতে ভারতে আসেন ধ্রুব রাঠি। দিল্লিতে চলমান বিক্ষোভে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে ১০ অক্টোবর সকালে তাকে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নিতে যাওয়ায় তাকে আটক করা হয়েছিল। তবে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাকে তুলে নেওয়া হয়েছে বলে ওই সময় এটিকে অপহরণ বলে অভিযোগ করেন ধ্রুব রাঠি।