চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এশিয়া পেসিফিক একোনমিক কোঅপারেশন-এপিইসির সামিটের ফাঁকে চীনের শেনজেন শহরে এ ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিবেন তারা।
হোয়াইট হাউস, মস্কোর পর সোমবার বৈঠকের তথ্য নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত জিনপিংয়ের সঙ্গে ৩ বার বৈঠক করেছেন ট্রাম্প। অন্যদিকে, ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট হিসবে নির্বাচিত হবার পর জিনপিংয়ের সঙ্গে পুতিনের বৈঠক হয় অন্তত ৪০ বার।
তবে, বিশ্বের শক্তিশালী ৩ নেতার ত্রিপক্ষীয় বৈঠকের ঘটনা এবারই প্রথম। ফলে, তিন পরাশক্তির সমন্বিত বৈঠকে কী কী বিষয় গুরুত্ব পাবে তা নিয়েই এখন চলছে আলোচনা।
গত মাসে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ৪ বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথম এ ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন পুতিন।
অন্যদিকে, বৈঠকের আগেই শেনজেনে ট্রাম্প ও পুতিনকে একত্রিত করার আয়োজন করেই ইতোমধ্যে রাজনৈতিক বিজয় অর্জন করেছেন জিনপিং। বিশ্লেষকরা বলছেন, এ বিজয় তাকে বৈঠকে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এগিয়ে রাখবে। তবে আলোচনার বিষয় ও লক্ষ্য কী কী হতে পারে তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
আলোচনার সম্ভাব্য ইস্যু
হোয়াইট হাউস এক বার্তায় ইঙ্গিত দিয়েছে, বৈঠকে বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিষয়ে জোর দিবেন ট্রাম্প।
এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এক সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন ট্রাম্প। প্রেসিডেন্ট মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
অন্যদিকে, রাশিয়ার কাছে বৈঠকের মূল উদ্দেশ্য ইউক্রেন ইস্যু হলেও, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন না ট্রাম্প।
এদিকে, জানুয়ারি মাসে শেষ হতে চলা চীন-আমেরিকার বাণিজ্যিক সমঝোতার মেয়াদ বাড়াতে আলোচনা করতে পারেন জিনপিং-ট্রাম্প। একইসঙ্গে, বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করতে দীর্ঘমেয়াদি কাঠামো তৈরি করতেও আলোচনা করবেন দুই নেতা, মনে করছেন বিশ্লেষকরা। তবে, সুনির্দিষ্ট পারমাণবিক সক্ষমতা অর্জন না করা পর্যন্ত এর বিস্তার রোধে ট্রাম্পের আলোচনায় জোর দিবে না চীন।
বিশ্লেষকদের ভাষ্য, আলোচনার বিষয় নিয়ে মতপার্থক্য বৈঠক থেকে উল্লেখযোগ্য অর্জনের সম্ভাবনা কমিয়ে দিবে।