প্রাইমারি প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য ১২টি বিতর্ক আয়োজনের পরিকল্পনা করেছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি-ডিএনসি। আগামী বছরের জুনে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে নির্বাচনী প্রচারে গোপন অর্থায়ন ও সুপার প্যাকের প্রভাব কমাতে নতুন কিছু শর্ত আরোপের উদ্যোগ নিয়েছে দলটি ।
সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, আজ সোমবার এক ঘোষণায় এসব পরিকল্পনার কথা জানিয়েছে ডিএনসি।
দলের ঘোষিত প্রাথমিক শর্ত অনুযায়ী, বিতর্কে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা অর্থদাতাদের পরিচয় প্রকাশ করে না এমন কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে বা পক্ষে অবস্থান নিতে পারবেন না। দুই বা তার বেশি প্রার্থী একসঙ্গে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।
একইসঙ্গে জনমত জরিপ ও তহবিল সংগ্রহের নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে। এসব মানদণ্ডের বিস্তারিত আগামী জানুয়ারিতে প্রকাশ করা হবে।
ডিএনসি জানিয়েছে, প্রতিটি বিতর্কে সর্বোচ্চ ২০ জন প্রার্থী অংশ নিতে পারবেন। প্রার্থীর সংখ্যা বেশি হলে তাদের দুটি দলে ভাগ করে পরপর দুই রাতে বিতর্ক আয়োজন করা হতে পারে। বিতর্কের সূচি ২০২৮ সালের মার্চ পর্যন্ত চলবে।
এবারের বিতর্কের নিয়মে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ডার্ক মানি ও সুপার প্যাকের অর্থায়ন নিয়ে নতুন শর্ত।
সুপার প্যাক হলো এমন রাজনৈতিক সংগঠন, যারা কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারে অর্থ ব্যয় করতে পারে। অন্যদিকে, ডার্ক মানি বলতে সাধারণত এমন রাজনৈতিক অর্থায়নকে বোঝায়, যেখানে অর্থের উৎস বা দাতার পরিচয় প্রকাশ করা হয় না।
ডিএনসি চায়, প্রার্থীরা এ ধরনের গোপন অর্থায়নের বিরোধিতা করবেন এবং সুপার প্যাকের সঙ্গে গোপন সমন্বয় থেকে বিরত থাকবেন।
২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ প্রার্থী সুপার প্যাকের অর্থায়ন গ্রহণ না করার বিষয়ে অনানুষ্ঠানিক সমঝোতা করেছিলেন। তবে পরে সেই সমঝোতা ভেঙে যায়। এমনকি সুপার প্যাকের অর্থায়নের অন্যতম সমালোচক সেনেটর এলিজাবেথ ওয়ারেনও শেষ পর্যন্ত এ ধরনের সংগঠনের সহায়তা গ্রহণ করেছিলেন।
এর আগে গত এপ্রিলে ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স ডিএনসির প্রতি আহ্বান জানিয়েছিলেন, নির্বাচনের সব পর্যায়ের প্রার্থীদের সুপার প্যাক ও ডার্ক মানির অর্থায়ন প্রত্যাখ্যান বাধ্যতামূলক করতে হবে।
ডিএনসির চেয়ারম্যান কেন মার্টিন তখন এ প্রস্তাবের সঙ্গে একমত হলেও বলেছিলেন, এ ধরনের অর্থায়ন বন্ধে পুরো দলের সম্মিলিত অঙ্গীকার প্রয়োজন।
তবে ২০২৮ সালের নির্বাচনে সম্ভাব্য অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রার্থীর পক্ষেই সুপার প্যাক কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিএনসির নতুন শর্ত এসব সংগঠনের কার্যক্রমে কী প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।
প্রাইমারি নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী নির্বাচনের পর আগামী বছর ৭ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে।