ইরান-অ্যামেরিকা যুদ্ধের অবসান ও সমঝোতা নিয়ে অ্যামেরিকান সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রকাশিত একটি প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছে ইরান।
দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি ওই প্রতিবেদনকে ‘আমেরিকান ইচ্ছাপত্র এবং বাস্তবতা নয়’ বলে অভিহিত করেছেন।
সমালোচনার মুখে পড়া অ্যাক্সিওসের ওই প্রতিবেদনের দাবি ছিল, যুদ্ধ বন্ধে ইরান ও অ্যামেরিকা এক পৃষ্ঠার স্মারকলিপি তৈরির কাছাকাছি পৌঁছে গেছে।
এমন দাবির জবাবে এক এক্স পোস্টে রেজায়ি বলেন,’মুখোমুখি আলোচনায় অ্যামেরিকা যা অর্জন করতে পারেনি, পরাজিত যুদ্ধে তারা তা পাবে না।’
তিনি আরও বলেন, ‘যদি তারা আত্মসমর্পণ না করে এবং প্রয়োজনীয় ছাড় না দেয়, অথবা কোনো উসকানি বা ষড়যন্ত্র চালায়, তাহলে কঠোর ও অনুতাপজনক জবাব দেওয়া হবে।’
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুদ্ধ বন্ধে অ্যামেরিকার দেওয়া প্রস্তাব তেহরান এখনো পর্যালোচনা করছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, ইরান তার মূল্যায়ন শেষ করার পর পাকিস্তানের মাধ্যমে নিজ অবস্থান জানাবে।
ইসনার প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনায় যুক্ত ইরানি দল এখন শুধু যুদ্ধ বন্ধের বিষয়টি বিবেচনা করছে এবং পারমাণবিক ইস্যু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই। একই সঙ্গে অ্যামেরিকার দাবিগুলোকে অতিরিক্ত ও অবাস্তব বলে ইরানি কর্মকর্তারা আগেই প্রত্যাখ্যান করেছেন।
এদিকে অ্যাক্সিওসের খবরে বলা হয়, ওয়াশিংটন আশা করেছিল তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে প্রস্তাবের জবাব দেবে। ওই প্রস্তাবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করার শর্তও ছিল।
এদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি নির্ধারিত শর্তে রাজি না হয়, তবে আবারও সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে।