নিউ জার্সি স্টেইটের নিউয়ার্কে একটি আবাসিক সড়কে গ্যাস লাইনে বিস্ফোরণে ২ কিশোর ও এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে শহরের ম্যাগাজিন স্ট্রিটে এ ঘটনা ঘটে।
নিউয়ার্ক কর্তৃপক্ষ জানায়, সড়কটিতে ইউটিলিটিকর্মীরা একটি পানির লাইনে কাজ করছিলেন। হঠাৎ ভুলবশত একটি গ্যাস লাইনে আঘাত লাগে। তার পরপর বিস্ফোরণ ঘটে।
রাকেল রদ্রিগেজ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে একটি বাড়ি কেঁপে ওঠে। বাড়িটির সামনের অংশ ভেঙে রাস্তায় ছিটকে পড়ে।
ওই সময় শ্রমিকদের গর্ত থেকে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। তাদের মধ্যে একজন খুঁড়িয়ে হাঁটছিলেন। পরে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় এক কিশোরকে দেখতে পান।
তবে কর্তৃপক্ষ দুজন কিশোরসহ ৩জনের হতাহতের খবর নিশ্চিত করেছে।
এদিকে ক্ষতিগ্রস্ত বাড়িটিতে সন্তানদের নিয়ে বসবাস করতেন সিজার অকানশালার নামের এক ব্যক্তি।
অকানশালার জানান, তার সন্তানদের মাথা ও মুখে আঘাত লেগেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলা জানান, সকালে কাজে যাওয়ার সময় তিনি তাঁর পোষা বিড়ালগুলো বাড়িতে রেখে গিয়েছিলেন। বিস্ফোরণের পর সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মোট ২২ জনকে অস্থায়ী আবাস ও জরুরি আর্থিক সহায়তা দিচ্ছে রেড ক্রস।