টেক্সাস থেকে মিসিসিপি; বন্যা সতর্কতার আওতায় ১৭ মিলিয়ন মানুষ

টিবিএন ডেস্ক
প্রকাশিত: জুন ১৬ ২০২৬, ১৫:৪৭ হালনাগাদ: জুন ১৬ ২০২৬, ১৭:৩৫

বন্যায় প্লাবিত টেক্সাসের একটি সড়ক। ছবি: রয়টার্স
- 0
অন্যদিকে বুধবার অ্যামেরিকার মধ্য-পশ্চিমাঞ্চলে একটি বড় ধরনের বৈরী আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। এতে প্রায় ৪ কোটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন।
অ্যামেরিকার দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় প্রাণহানি হয়েছে। একই সঙ্গে দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলে বুধবার শক্তিশালী টর্নেডো, ধ্বংসাত্মক ঝড়ো হাওয়া ও বড় আকারের শিলাবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।
স্থানীয় কর্মকর্তারা জানান, টেক্সাসের বানদেরা কাউন্টিতে সোমবার সকালে এক নারী জরুরি সেবা নম্বর ৯১১–এ ফোন করে জানান, তার গাড়ি বন্যার পানিতে ভেসে একটি খালে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর ওই নারীর মরদেহ গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। গাড়িটি প্রাথমিক অবস্থান থেকে কয়েক মাইল দূরে ভেসে গিয়েছিল।
এদিকে টেক্সাসের সান অ্যান্টোনিও, হিউস্টন ও ওয়াকো শহরে সড়কে পানি জমে বহু যানবাহন আটকা পড়েছে। লুইজিয়ানার শ্রিভপোর্টে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাতে হয়েছে এবং বেশ কিছু ভবনে পানি ঢুকে পড়েছে। মিসিসিপির সেন্ট মার্টিন এলাকায় উচ্চ পানি স্তরের কারণে মহাসড়কের কয়েকটি র্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে।
এবিসি নিউজ জানায়, টেক্সাস থেকে মিসিসিপি পর্যন্ত ১৭ মিলিয়নের বেশি মানুষ বন্যা সতর্কতার আওতায় রয়েছে। আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, করপাস ক্রিস্টি, হিউস্টন, লাফায়েত, আলেকজান্দ্রিয়া ও ম্যাককম্বসহ বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে গুরুতর আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
বুধবার হিউস্টন, বোমন্ট, লেক চার্লস ও লাফায়েত এলাকায় এবং বৃহস্পতিবার ব্যাটন রুজ, জ্যাকসন, মন্টগোমারি ও বার্মিংহামে উচ্চমাত্রার বন্যা ঝুঁকি রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পশ্চিম উপসাগরীয় অঞ্চলে একটি ক্রান্তীয় নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যা মঙ্গলবার বা বুধবার ক্রান্তীয় ঝড়ে রূপ নিতে পারে। অ্যামেরিকার ন্যাশনাল হারিকেন সেন্টার এটির ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ৬০ শতাংশ বলে জানিয়েছে। ঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘আর্থার’।
মধ্য পশ্চিমাঞ্চলে তীব্র ঝড়ের সতর্কতা
অন্যদিকে বুধবার অ্যামেরিকার মধ্য-পশ্চিমাঞ্চলে একটি বড় ধরনের বৈরী আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া সংস্থা। এতে প্রায় ৪ কোটি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ইলিনয় ও ইন্ডিয়ানার বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি মিযৌরি, আইওয়া ও ওহাইওর কিছু অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ওয়েদার ডিপার্টমেন্ট জানিয়েছে, বড় ও দীর্ঘস্থায়ী টর্নেডো সৃষ্টি হতে পারে। এ ছাড়া ঘণ্টায় ৮০ মাইল (প্রায় ১২৯ কিলোমিটার) বেগের ঝড়ো হাওয়া এবং বেসবল বলের সমান আকারের শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
ইলিনয়ের স্প্রিংফিল্ড, পিওরিয়া, ডিকেচার, শ্যাম্পেইন ও ব্লুমিংটন এবং ইন্ডিয়ানার রেনসেলিয়ার এলাকাকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রাখা হয়েছে। শিকাগো, ইন্ডিয়ানাপোলিস, সেন্ট লুইস ও ফোর্ট ওয়েন শহরও ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রয়েছে।
আবহাওয়াবিদেরা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

