এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্স

টিবিএন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২ ২০২৫, ১৯:৩৯ হালনাগাদ: ডিসেম্বর ৫ ২০২৫, ১:৩৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সোমবার বক্তব্য দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সোমবার বক্তব্য দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স

  • 0

জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রথম দিন সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে শীর্ষ সম্মেলন শুরু হয়।

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে ইউরোপের বৈশ্বিক পরাশক্তি ফ্রান্স।

দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সোমবার জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তার দেশের এ অবস্থানের কথা জানান।

তার ঘোষণাকে দাঁড়িয়ে স্বাগত জানান জাতিসংঘে আসা বিভিন্ন দেশের নেতারা।

সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে সোমবার থেকে।

প্রথম দিন সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে শীর্ষ সম্মেলন শুরু হয়।

এতে দেওয়া বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের প্রতি শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক অঙ্গীকারকে সত্য করে আজ তিনি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি ফ্রান্সের স্বীকৃতি ঘোষণা করছেন।

দুই রাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করে মাখোঁ বলেন, ‘শান্তি ও নিরাপত্তার সঙ্গে দুটি রাষ্ট্রের পাশাপাশি অবস্থানকে আমরা বাস্তবে দেখতে চাই। যদিও বর্তমানে হামাসকে শেষ করার প্রকাশ্য লক্ষ্য নিয়ে গাজায় সামরিক অভিযান আরও সম্প্রসারণ করছে ইসরায়েল, তবে লাখো মানুষ বাস্তুচ্যুত, আহত, ক্ষুধার্ত ও ট্রমার শিকার হয়েছে। তাদের জীবন এখনও ধ্বংস হচ্ছে।’

গাজায় যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

তিনি বলেন, হামাস উল্লেখযোগ্যভাবে দুর্বল হওয়ার পাশাপাশি স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা সত্ত্বেও কোনো কিছুই গাজার বর্তমান যুদ্ধকে ন্যায্যতা দিতে পারে না।

এদিকে ফ্রান্সের ঘোষণাকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপকে ‘ঐতিহাসিক’ ও ‘সাহসী’ আখ্যা দিয়েছে।