Skip to main content

ভেনেজুয়েলার কাছে নৌযানে অ্যামেরিকার হামলায় চারজন নিহত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩ ২০২৫, ১৮:২৫

ভেনেজুয়েলা উপকূলের কাছে নৌযানে অ্যামেরিকার হামলায় চারজন নিহত হন। ছবি: ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ

ভেনেজুয়েলা উপকূলের কাছে নৌযানে অ্যামেরিকার হামলায় চারজন নিহত হন। ছবি: ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ

  • 0

নৌযানে এমন সময়ে হামলা হলো যার আগে ড্রাগ কার্টেলের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক নয় এমন সশস্ত্র সংঘাতে’ জড়িত হওয়ার কথা কংগ্রেসকে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

মাদক পাচারে জড়িত সন্দেহে ভেনেজুয়েলা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযানে প্রাণঘাতী হামলা চালিয়েছে অ্যামেরিকা।

ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ শুক্রবার বিষয়টি জানিয়েছেন বলে উল্লেখ করেছে ভেনেজুয়েলাভিত্তিক এল ন্যাসিওনাল।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, এক বিবৃতিতে হেগসেথ এ হামলার কথা জানান।

ওই বিবৃতিতে বলা হয়, সাউদার্ন কমান্ডের আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সরাসরি আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়।

হেগসেথ জানান, অ্যামেরিকার সামরিক গোয়েন্দারা নিশ্চিত করেছেন যে, নৌযানটিতে ‘উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য’ ছিল, যা অ্যামেরিকার দিকে যাচ্ছিল।

এল ন্যাসিওনালের প্রতিবেদনে বলা হয়, হামলায় নৌযানে থাকা চারজন নিহত হন। অ্যামেরিকার বাহিনীর কেউ হতাহত হননি।

হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে হেগসেথ বলেন, ‘অ্যামেরিকার জনগণের ওপর আক্রমণ বন্ধ না হলে এ ধরনের হামলা চলবে।’

ক্যারিবীয় ও আটলান্টিক অঞ্চলে নিজের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন।

নৌযানে এমন সময়ে হামলা হলো যার আগে ড্রাগ কার্টেলের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক নয় এমন সশস্ত্র সংঘাতে’ জড়িত হওয়ার কথা কংগ্রেসকে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।