বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন চলতি বছরের প্রথম আট মাসে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই এর তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১ কোটি ২৯ লাখ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ টাকা।
অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি লেনদেন বেড়েছে ১ হাজার ১৩ কোটি ৯০ লাখ টাকা বা ৩৭ দশমিক ৬ শতাংশ।
ডিএসইর তথ্য আরো বলছে, চলতি বছরের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন গত বছরের পুরো বছরের লেনদেনের প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে। ২০২৫ সালে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ৩ হাজার ৯২০ কোটি ৪২ লাখ টাকা।
চলতি বছরে মে মাসে বিদেশি লেনদেন সর্বোচ্চ ৮৩১ কোটি ৭০ লাখ টাকায় পৌঁছায়। জানুয়ারিতে ৩৭৭ কোটি ২৪ লাখ, ফেব্রুয়ারিতে ৬৬৩ কোটি ২৮ লাখ, মার্চে ২৭২ কোটি ৪ লাখ এবং এপ্রিলে ১৭৫ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়। জুনে ৫৪০ কোটি ১৭ লাখ, জুলাইয়ে ৫২৩ কোটি ১৫ লাখ এবং আগস্টে ৩১৮ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বিদেশি লেনদেন বৃদ্ধির পেছনে বাজার সংস্কার ও বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার বিভিন্ন উদ্যোগ ভূমিকা রাখছে। পুঁজিবাজারকে আরও আন্তর্জাতিক মানের করে তুলতে নেওয়া সংস্কার কার্যক্রম বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে স্বচ্ছতা বাড়ানো এবং বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরো সহজ করা গেলে বাংলাদেশের পুঁজিবাজারে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরো বাড়তে পারে।