নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়-এনওয়াইইউ কর্তৃপক্ষের সঙ্গে নন-টেনিউরড তথা অস্থায়ী শিক্ষক প্রতিনিধিত্বকারী ইউনিয়নের প্রাথমিক চুক্তি হয়েছে। যার ফলে কয়েক দিন ধরে চলা ধর্মঘট স্থগিত করে কাজে ফিরছেন শিক্ষকরা।
ইউনিয়ন সিএফইউ-ইউএডব্লিউ বুধবার ধর্মঘট পালনরত প্রায় ৯৫০জন শিক্ষককে কাজে ফেরার নির্দেশ দেয়।
এর আগে অস্থায়ী শিক্ষকদের বেতন ভাতা, ছুটি, স্বাস্থ্য সুবিধাসহ বিভিন্ন দাবিতে সোমবার সকাল ১১টা থেকে কর্মবিরতি পালন শুরু করেন ইউনিয়নের শিক্ষকরা।
টানা আলোচনা শেষে বুধবার ভোর ২টার দিকে উভয় পক্ষ প্রাথমিকভাবে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছায়।
এনওয়াইইউ-এর প্রধান যোগাযোগ কর্মকর্তা উইলি নরভেল এক বিবৃতিতে বলেন, ‘ইউনিয়নভুক্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের সঙ্গে একটি সমঝোতা হয়েছে, যা এখন সদস্যদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।‘
তিনি জানান, এই চুক্তিতে বেতন বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, সহকারী পদে শিক্ষকদের ন্যূনতম বেতন হবে ৯১ হাজার ডলার, সহযোগী পদে ১ লাখ ১০০ ডলার এবং পূর্ণ পদে ১ লাখ ১০ হাজার ১০০ ডলার।
চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত এককালীন বেতন বৃদ্ধি দেওয়া হবে। এছাড়া চুক্তির প্রথম দুই বছরে বাড়তি বেতন বৃদ্ধি এবং ২০২৭ সাল থেকে প্রতি বছর ৩ দশমিক ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর প্রস্তাব রয়েছে।
চুক্তিতে পরিবার-সেবার জন্য ১০ লাখ ডলারের একটি তহবিল গঠন, বছরে অন্তত ২ হাজার ৫০০ ডলার পেশাগত উন্নয়ন ভাতা, পেশাগত ছুটি এবং পূর্ণকালীন শিক্ষকদের মতো স্বাস্থ্য ও কল্যাণ সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে চুক্তি কার্যকর হতে হলে ইউনিয়নের সদস্যদের ভোটে অনুমোদন পেতে হবে।