ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন (ডিইআই) সংশ্লিষ্ট গবেষণা অনুদান বন্ধে ট্রাম্প প্রশাসনের আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার (১৬ নভেম্বর) আদালত, প্রশাসনের আবেদন শুনতে অস্বীকৃতি জানান। এতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকদের জন্য বরাদ্দ প্রায় ৫৯ মিলিয়ন ডলারের ফেডারেল অনুদান আপাতত বহাল থাকছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ডিইআই কর্মসূচি ও প্রশাসনের ভাষায় ‘জেন্ডার আইডিওলজি’ লক্ষ্য করে নির্বাহী আদেশ জারি করেন। এর পর ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) এবং ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর দ্য হিউম্যানিটিজ (এনইএইচ) ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকদের কয়েকটি অনুদান বন্ধ করে দেয়।
ক্ষতিগ্রস্ত গবেষকেরা ২০২৫ সালে শ্রেণিভিত্তিক মামলা করেন। তাঁদের অভিযোগ, গবেষণার বিষয়বস্তু ও দৃষ্টিভঙ্গির কারণে অনুদান বাতিল করা হয়েছে, যা ইউএস সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত বাক্স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে।
ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রিটা লিন অনুদান বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, গবেষণার নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির কারণে অর্থায়ন বন্ধ করে প্রশাসন অসাংবিধানিক বৈষম্য করেছে—এমন দাবিতে গবেষকদের জয়ের সম্ভাবনা রয়েছে। পরে সান ফ্রান্সিসকোভিত্তিক নবম ইউএস সার্কিট আপিল আদালতও তাঁর এই আদেশ বহাল রাখেন। এরপর সুপ্রিম কোর্টে আপিল করে ট্রাম্প প্রশাসন।
প্রশাসনের যুক্তি ছিল, কোন গবেষণায় সরকারি অর্থায়ন করা হবে, তা নির্ধারণের বিস্তৃত ক্ষমতা সরকারের রয়েছে। নীতিগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক গবেষণা প্রকল্পের অর্থায়ন বন্ধ করার অধিকারও সরকারের আছে।
বাতিল হওয়া অনুদানের আওতায় বিজ্ঞানশিক্ষায় জাতিগত সমতা নিয়ে আলোচনা এবং আদিবাসী তরুণদের বিজ্ঞানশিক্ষার সুযোগ বাড়ানোর মতো গবেষণা প্রকল্প ছিল।
এর আগে ২০২৫ সালের আগস্টে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের জাতিগত সংখ্যালঘু ও এলজিবিটিকিউ জনগোষ্ঠী নিয়ে গবেষণার অনুদান কাটছাঁটের সুযোগ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। তবে সেই সিদ্ধান্ত ছিল আইনি প্রক্রিয়াসংক্রান্ত কারণে, এবারের মামলায় মূল প্রশ্ন ছিল, গবেষণার দৃষ্টিভঙ্গির কারণে অনুদান বন্ধ করা বাক্স্বাধীনতার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে কি না।
বর্তমানে সুপ্রিম কোর্টে কনজারভেটিভ বিচারপতিদের সংখ্যা ৬-৩। ট্রাম্প প্রশাসনের নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আদালত বেশ কয়েকবার প্রশাসনের পক্ষে অবস্থান নিলেও কিছু গুরুত্বপূর্ণ মামলায় বিপক্ষেও রায় দিয়েছেন বিচারপতিরা।
সর্বশেষ সিদ্ধান্তে নিম্ন আদালতের দেওয়া সুরক্ষা বহাল থাকল। ফলে সংশ্লিষ্ট গবেষকদের প্রায় ৫৯ মিলিয়ন ডলারের অনুদান বন্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ আপাতত কার্যকর হচ্ছে না।