রাতভর ভারী বৃষ্টিপাত ও বরফ গলার কারণে নিউইয়র্ক সিটির কিছু সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার সকালে সিটির কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যান চলাচলে সমস্যা দেখা দেয়।
কুইন্সের রকঅ্যাওয়ে বুলেভার্ডের একটি অংশ বৃষ্টির সময় প্রায় পুকুরের মতো হয়ে যায়। এ সময় ব্রুকভিল বুলেভার্ডে একটি করভেট গাড়ি পানিতে আটকে পড়ে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এক চালক হারো সিং বলেন, ‘আমি পানির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন গাড়ির ইঞ্জিন কাঁপতে শুরু করে,আর সামনে যেতে পারছিলাম না।
‘কী যে হবে বুঝতে পারছিলাম না। সকালে কাজে যেতে হবে, কিন্তু পরিস্থিতি ভালো নয়।‘
তিনি আরও জানান, ভারী বৃষ্টি হলে প্রায়ই এ ধরনের সমস্যা দেখা দেয়।
এ পরিস্থিতিতে চালকদের জলাবদ্ধ বা ভেজা সড়কে চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার কথা বলেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।