ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো আমেরিকায় যত দিন ইচ্ছা থাকতে পারবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো ক্লাবে হ্যালোইন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তিনি যত দিন চান, এখানে থাকতে পারবেন। আমার মতে, নির্বাচনটি ছিল লজ্জাজনক।’
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়ার পর দেশ ছেড়ে আমেরিকা যান ফ্লাভিও। জনমত জরিপে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিলের চারবারের নির্বাচিত বামপন্থী প্রেসিডেন্ট লুলার কাছে জয় পাননি তিনি।
পরাজয়ের পর নির্বাচন সুষ্ঠু হয়নি এমন দাবি করে নিজেকে ব্রাজিলের বৈধ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছিলেন ফ্লাভিও। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে বর্ণনা করেন।
এদিকে, পরাজয়ের পর ব্রাজিলের সুপ্রিম কোর্টের এক বিচারপতি ফ্লাভিওর পাসপোর্ট বাতিলের নির্দেশ দেন। দেশটিতে তার বিরুদ্ধে অর্থ পাচারের দুটি তদন্ত চলছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছিল পুলিশ।
রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবিক বিবেচনায় বিশেষ অনুমতি নিয়ে আমেরিকায় প্রবেশ করেছেন ফ্লাভিও। এ ধরনের অনুমতির মেয়াদ সাধারণত এক বছর।