প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী হরমুজ প্রণালিতে অবরোধ শুরু করেছে অ্যামেরিকা।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, আজ(সোমবার) অ্যামেরিকান সময় সকাল ১০টা থেকে এ অবরোধ কার্যক্রম শুরু করা হয়।
অবরোধ শুরুর পরপর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে হরমুজ প্রণালিতে অবস্থান করা ইরানের যুদ্ধজাহাজগুলোকে হুঁশিয়ারি দেন ট্রাম্প।
তিনি বলেন, ‘কোনো একটি যুদ্ধজাহাজ যদি অবরোধ এলাকার কাছে আসে, তাহলে সঙ্গে সঙ্গে ধ্বংস করা হবে। ঠিক যেভাবে মাদক কারবারিদের হত্যা করা হয়েছিল।‘
এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা সব জাহাজই আটক করা হবে।
পরে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বন্দরে প্রবেশ বা প্রস্থান করা জাহাজগুলোই শুধু আটক করা হবে। হরমুজ প্রণালি দিয়ে অন্য বন্দরে যাতায়াত করা জাহাজ অবরোধের আওতায় পড়বে না।
সেন্টকমের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, এই অবরোধটি সব দেশের জাহাজের ওপর সমানভাবে প্রয়োগ করা হবে, যারা ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ করছে বা সেখান থেকে বের হচ্ছে। এর মধ্যে আরব উপসাগর ও ওমান উপসাগরের সব ইরানি বন্দর অন্তর্ভুক্ত।