এফআইএসএ’র মেয়াদ বাড়াতে ব্যর্থ হাউয, গোয়েন্দা নজরদারি বন্ধের শঙ্কা
- 0


প্রকাশিত: জুন ১১ ২০২৬, ১৭:১৬
অ্যামেরিকার বৈদেশিক গোয়েন্দা নজরদারি আইনের গুরুত্বপূর্ণ ধারা ‘সেকশন ৭০২’-এর মেয়াদ স্বল্প মেয়াদে বাড়ানোর উদ্যোগ হাউযে ব্যর্থ হয়েছে। শুক্রবার মেয়াদ শেষ হওয়ার আগে তিন সপ্তাহের জন্য আইনটির কার্যকারিতা বাড়ানোর প্রস্তাবটি ভোটে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাস হয়নি। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো এফআইএসএ কর্মসূচির আইনগত অনুমোদন বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার হাউযের ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়ে ১৯৮টি এবং বিপক্ষে ২১৮টি। বিলটি পাসের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল।
ভোটে ১৯ জন রিপাবলিকান কংগ্রেস সদস্য নিজ দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে বিলটির বিরোধিতা করেন। অন্যদিকে সাতজন ডেমোক্র্যাট বিলটির পক্ষে ভোট দেন।
এফআইএসএ বা ফরেন ইন্টেলিজেন্স সার্ভেইলেন্স অ্যাক্টের সেকশন ৭০২ অ্যামেরিকান গোয়েন্দা সংস্থাগুলোকে বিদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের যোগাযোগ পর্যবেক্ষণের অনুমতি দেয়। জাতীয় নিরাপত্তা রক্ষায় এটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
তবে আইনটির নবায়ন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিল পুলটেকে ভারপ্রাপ্ত ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার পর।
ডেমোক্র্যাটদের অভিযোগ, বর্তমানে ফেডারেল হাউযিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা বিল পুলটের ন্যাশনাল সিকিউরিটি বা ইন্টেলিজেন্স কার্যক্রমে কোনো অভিজ্ঞতা নেই। ফলে তাকে জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে বসানো দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।
হাউয ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিয বলেন, “বিল পুলটের জাতীয় নিরাপত্তা, আইন প্রয়োগ বা সামরিক কোনো অভিজ্ঞতাই নেই। এমন একজনকে গোয়েন্দা প্রধানের দায়িত্বে বসানোর চেষ্টা অত্যন্ত দায়িত্বহীন।”
সমালোচনার মধ্যেও পুলটের প্রতি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের তিনি বলেন, “তিনি ভালো কাজ করবেন। যদিও তিনি অল্প সময়ের জন্য দায়িত্বে থাকবেন। পরে স্থায়ী কাউকে নিয়োগ দেওয়া হবে।”
এ সপ্তাহে হাউয স্পিকার মাইক জনসন দুই দফা ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এফআইএসএ নিয়ে সমঝোতা খুঁজে বের করার জন্য। তবে শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।
ভোটে বিলটি প্রত্যাখ্যাত হওয়ার পর জনসন ডেমোক্র্যাটদের সমালোচনা করে বলেন, “আমরা জাতীয় নিরাপত্তা আইনের একটি সাধারণ তিন সপ্তাহের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করেছিলাম। রাজনৈতিক কারণে ১৯৯ জন ডেমোক্র্যাট এর বিরুদ্ধে ভোট দিয়েছেন।”
অন্যদিকে ডেমোক্র্যাটরা পুরো ভোটাভুটিকে রিপাবলিকানদের “প্রদর্শনীমূলক ভোট” বলে আখ্যা দিয়েছেন।
ট্রাম্প প্রশাসনে বিল পুলটে বেশ কয়েকটি আলোচিত তদন্ত শুরু করার জন্য পরিচিত। তিনি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত শুরু করেছিলেন।
তদন্তের আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুক, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস, ডেমোক্র্যাটিক সেনেটর অ্যাডাম শিফ এবং সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েল। তবে তারা সবাই অভিযোগ অস্বীকার করেছেন।
হাউযের ছুটিতে কংগ্রেস সদস্যরা এখন ওয়াশিংটন ছাড়ছেন এবং আগামী ২৩ জুনের আগে আর অধিবেশনে ফিরবেন না। ফলে শুক্রবার মেয়াদ শেষ হলে এফআইএসএ -এর সেকশন ৭০২ প্রথমবারের মতো আইনগত ভিত্তি হারাতে পারে।
বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা এবং দলীয় রাজনীতির সংঘাত এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, অ্যামেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা নজরদারি কর্মসূচির ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়েছে।
