অ্যামেরিকায় ৯ মাসে মানবদেহে প্রথম বার্ড ফ্লু শনাক্ত

টিবিএন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৪ ২০২৫, ২৩:২৮ হালনাগাদ: নভেম্বর ২৬ ২০২৫, ১১:০২

বার্ড ফ্লু লেখা টেস্ট টিউব হাতে এক স্বাস্থ্যকর্মী। ছবি: রয়টার্স

বার্ড ফ্লু লেখা টেস্ট টিউব হাতে এক স্বাস্থ্যকর্মী। ছবি: রয়টার্স

  • 0

ওয়াশিংটন স্টেইটের ডিপার্টমেন্ট অব হেলথের তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি বয়োবৃদ্ধ, যার মধ্যে অধিক জ্বর, সংশয় ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা যায়। তাকে নভেম্বরের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয়।

ওয়াশিংটন স্টেইটের এক বাসিন্দার দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে এবিসি নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গত ৯ মাসের মধ্যে মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের প্রথম ঘটনা এটি।

ওয়াশিংটন স্টেইটের ডিপার্টমেন্ট অব হেলথের তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি বয়োবৃদ্ধ, যার মধ্যে অধিক জ্বর, সংশয় ও শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা যায়। তাকে নভেম্বরের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয়।

হেলথ ডিপার্টমেন্ট আরও জানায়, পরীক্ষার পর রোগীর দেহে বার্ড ফ্লুর ধরন এইচ৫এন৫ শনাক্ত হয়। ইতোপূর্বে এ ধরনে মানুষ বাদে অন্য প্রাণীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

এমন বাস্তবতায় স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মানবদেহে সংক্রমণের ঘটনা ঘটলেও সাধারণ মানুষের ঝুঁকি কম।

ওয়াশিংটন স্টেইটের আক্রান্ত ব্যক্তির নাম, বয়স কিংবা জেন্ডারসহ শনাক্তযোগ্য কোনো তথ্য প্রকাশ করেনি হেলথ ডিপার্টমেন্ট।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, স্টেইটে এ বছর মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের এটিই প্রথম ঘটনা।

রোগীর দেহে বার্ড ফ্লু কীভাবে ছড়িয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। এর অংশ হিসেবে সংক্রমণের জন্য বন্য বা গৃহপালিত পাখির সংস্পর্শ দায়ী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংক্রমিত ব্যক্তির পেছনের উঠানে গৃহপালিত কিছু পাখি ছিল, যেগুলোর সঙ্গে সংস্পর্শে আসার সুযোগ ছিল বন্য পাখির।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্ত ব্যক্তির সঙ্গে গৃহপালিত পাখি বা বন্য পাখির সংস্পর্শে আসার শঙ্কা অনেক বেশি।

ওই ব্যক্তির সঙ্গে নিবিড় যোগাযোগ আছে, এমন লোকজনের সঙ্গেও যোগাযোগ করছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা।